অবশেষে রমজান মাসে মাছের সরবরাহ স্বাভাবিক রাখতে ইলিশসহ সব ধরনের মাছ রপ্তানি নিষিদ্ধ করল বাণিজ্য মন্ত্রণালয়। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রমজান মাসে বাজারে চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইলিশসহ সব ধরনের কাঁচা মাছ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে শুধু চিংড়ি মাছ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এর আগে গত রোববার বাজারে মাছের সরবরাহ বাড়ানো ও দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জরুরি ভিত্তিতে রমজান মাসের বাকি দিনগুলোর জন্য সব ধরনের কাঁচা মাছ রপ্তানি বন্ধ রাখার ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এফবিসিসিআইয়ের বাজার তদারকি সেল জানতে পারে, মাছের সরবরাহ কম হওয়ার একটি বড় কারণ হলো দেশ থেকে বিভিন্ন ধরনের মাছ বিদেশে রপ্তানি হয়ে যাওয়া। সে কারণে বাজারে সরবরাহ কমে যাচ্ছে। আর তাই কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে মাছ। এর পরপরই বাণিজ্যসচিবকে মাছ রপ্তানি বন্ধ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেয় এফবিসিসিআই।