ইলিশের জন্য পৃথক এইচ এস কোড
বর্তমানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ বিদেশে রপ্তানি হচ্ছে। কিন্তু বাংলাদেশ কাস্টমস ট্যারিফ (বিসিটি) তফসিলে ইলিশের কোনো সুনির্দিষ্ট এইচ এস কোড নেই। এ কারণে ইলিশ মাছ রপ্তানির প্রকৃত তথ্য ও পরিমাণ অনেক ক্ষেত্রে সরবরাহ করা সম্ভব হয় না। আগামী ২০১২-১৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। এ সময় তিনি সঠিক পরিসংখ্যান সংরক্ষণের সুবিধার্থে বিসিটিতে ইলিশ মাছের জন্য একটি পৃথক এইচ এস কোড সৃষ্টির প্রস্তাব করেন।অর্থমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে সৌরশক্তি ব্যবহার করে পরিচালিত পানি পরিশোধন প্লান্টের জন্য পৃথক কোনো এইচ এস কোড নেই। দেশের বিভিন্ন স্থানে এ জাতীয় পানি পরিশোধন যন্ত্র ব্যবহার করে সৌরচালিত পানি পরিশোধন প্লান্ট স্থাপন প্রক্রিয়া শুরু হয়েছে।’ তিনি পণ্যটির জন্য একটি পৃথক এইচ এস কোড সৃষ্টি করে একে মূলধনি যন্ত্রপাতির মতো রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করেন। প্রতি পাঁচ বছর পর পর বিশ্ব কাস্টমস সংস্থা (ডব্লিউসিও) থেকে বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানির পরিমাণ, প্রযুক্তিগত উন্নয়নের ফলে নতুন পণ্য উদ্ভাবন ও সদস্য রাষ্ট্রগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৬ সংখ্যার এইচ এস কোডের বিভিন্ন পরিবর্তন করা হয়। ২০০৭ সালের পর চলতি বছর পরিবর্তন করা হয়েছে। সংস্থা থেকে এ সংক্রান্ত দলিল পাওয়া গেছে। এসব তথ্য দিয়ে অর্থমন্ত্রী ডব্লিউসিও-এর সদস্য রাষ্ট্র হিসেবে ওই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিসিটি ও বিভিন্ন প্রজ্ঞাপনে এইচ এস কোডে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব করেন।