ইলিশের দাম ঢাকায় এসেই দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখ উপলক্ষে চাঁদপুরের একটি হিমাগার থেকে ইলিশ সরবরাহের প্রস্তুতি l আলম পলাশ
পয়লা বৈশাখ উপলক্ষে চাঁদপুরের একটি হিমাগার থেকে ইলিশ সরবরাহের প্রস্তুতি l আলম পলাশ

বাংলা নববর্ষ বরণের অন্যতম অনুষঙ্গ পান্তা-ইলিশ। কিন্তু এই ইলিশের দাম বরগুনা থেকে ঢাকায় আসতেই হয়ে যাচ্ছে দ্বিগুণ।
বরগুনায় ইলিশের মোকামগুলো ঘুরে জানা গেছে, জেলেরা প্রতি মণ ইলিশ ৯০ হাজার টাকা দরে পাইকারের কাছে বিক্রি করেন, কিন্তু হাতে পান ৮১ হাজার টাকা। অর্থাৎ নয় হাজার টাকা চলে যায় আড়তদারদের পকেটে।
এরপর পাইকার যখন এই ইলিশ ঢাকার কারওয়ান বাজারের আড়তে নিয়ে আসেন, তখন এর দাম আরেক ধাপ বেড়ে দাঁড়ায় ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টাকা। আড়তদারের পকেটে তখন আরেক দফা মুনাফা ঢোকে। ওই ইলিশ ঢাকার পাইকারের হাতে যাওয়ার পর দাম বেড়ে যায় আরেক দফা। আর সর্বশেষ ধাপে খুচরা বিক্রেতারাও অবস্থা বুঝে দাম চড়িয়ে দেন।
মোকামের আড়তমালিকেরা বলছেন, এই চার ধাপ পেরোতে গিয়ে ইলিশের দাম দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে। আর এ কারণেই সাধারণ মানুষের হাতের নাগালে নেই ইলিশ।
দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মৎস্য বন্দর পাথরঘাটার মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিচালিত মৎস্য অবতরণ কেন্দ্রে গতকাল সোমবার খোঁজ নিয়ে জানা গেল, সেখানে পাইকারি বাজারে প্রতি মণ এক কেজি ওজনের ইলিশ ৯০ হাজার টাকা এবং ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি ৭০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে গত রোববার ও সোমবার দুদিনে এই অবতরণ কেন্দ্র থেকে মাত্র সাড়ে পাঁচ মণ ইলিশ ঢাকায় গেছে। সরবরাহ কম থাকায় এবার ইলিশের দাম খুবই বেশি। জেলেদের অভিযোগ, এই সুযোগটাই নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের বিপণন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ বলেন, নববর্ষ সামনে রেখে বর্তমানে ইলিশের চাহিদা কয়েক গুণ বেড়েছে। কিন্তু নদ-নদী ও বঙ্গোপসাগরে সে পরিমাণে ইলিশ নেই। মধ্যস্বত্বভোগীদের বিষয়ে তিনি বলেন, ‘এখন এটা ব্যবসার একটি রেওয়াজে পরিণত হয়েছে। আমরা ইচ্ছা করলেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না।’