ইলেকট্রনিক তহবিল স্থানান্তর পদ্ধতি ব্যবহারের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের কার্যক্রম ও কার্যপরিধি বিষয়ে এক সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।সভায় জানানো হয়, দেশে স্বয়ংক্রিয়ভাবে চেক নিষ্পত্তি ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এতে প্রতিদিন ৮০ থেকে ৮৫ হাজার চেক লেনদেন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলেও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে লেনদেনের পরিমাণ খুবই কম। বর্তমানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রতিদিন গড়ে ১০০-২০০টি লেনদেন সম্পন্ন হচ্ছে।সভায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের যথাযথ ব্যবহার করে দ্রুত ও ব্যয়সাশ্রয়ীভাবে লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। এতে একদিকে যেমন ব্যাংকের গ্রাহকদের সহজে, কম মূল্যে ও দ্রুততার সঙ্গে তহবিল স্থানান্তর করা যাবে, অন্যদিকে ব্যাংকগুলোও কাগুজে দলিলাদি গ্রহণ, প্রক্রিয়াকরণ ও নিকাশের মাধ্যমে নিষ্পত্তি করার কাজ কমিয়ে আর্থিক সাশ্রয় ঘটাবে। দেশে নতুন এই তহবিল স্থানান্তর পদ্ধতি সম্পর্কে গ্রাহক পর্যায়ে সচেতনতা সৃষ্টিরও পরামর্শ দেওয়া হয় সভায়।সামগ্রিকভাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের প্রচলন ও এর বহুল ব্যবহার দেশের আর্থিক খাতের গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা পালনকারী ব্যবসায়ী সমাজসহ ব্যাংকারদের সহায়ক ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি বলে অভিমত ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি।