ইলেকট্রনিক পণ্য, মোটরসাইকেল শিল্পের জন্য নীতিমালার দাবি
দেশে ইলেকট্রনিক পণ্য ও মোটরসাইকেল শিল্পের প্রসারে দীর্ঘমেয়াদি নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করেন এই খাতের পণ্য উৎপাদনকারী ও আমদানিকারক এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা।এই দুই খাতে দেশে কী পরিমাণ চাহিদা রয়েছে, সে চাহিদার কত অংশ দেশীয় প্রতিষ্ঠান ও কত অংশ আমদানি করে মেটানো হচ্ছে এবং দেশে উৎপাদিত পণ্য ও আমদানি পণ্যের শুল্কপার্থক্য যৌক্তিক কি না, এসব বিষয় বিশ্লেষণ করতে সরকারিভাবে একটি কমিটি গঠনের কথাও বলেছেন তাঁরা।শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘আমদানি বিকল্প পণ্য উৎপাদন ও নতুন শিল্প স্থাপন উৎসাহমূলক ট্যারিফ কাঠামো’ শীর্ষক সেমিনারে এসব অভিমত উঠে আসে। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনসুর আলী সিকদারের সভাপতিত্বে সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন।সভায় শিল্পমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের স্বার্থ প্রথমে সংরক্ষণ করা হবে। তবে আমদানিকারকদেরও এর সঙ্গে সমন্বয় করতে হবে, যেন কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেন, নীতিমালা না থাকায় দেখা যাচ্ছে, কোনো সুবিধা দিয়ে মাঝপথে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা করা হলে উদ্যোক্তারা শিল্পে আগ্রহ হারাবেন। তিনি বলেন, অযৌক্তিক শুল্কপার্থক্য থাকা উচিত নয়। তবে স্থানীয় বিনিয়োগকারীদের কিছু প্রণোদনা দিতেই হবে। তিনি আমদানি পণ্যের ক্ষেত্রে মান নির্ধারণের প্রস্তাব করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল শিল্প সংস্থার (বিএসইসি) চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, যেসব খাতে আগামী পাঁচ বছরের মধ্যে আমদানি বিকল্প শিল্প গড়ে তোলা সম্ভব নয়, সেখানে আমদানিকারকদের কিছু সুবিধা দেওয়া উচিত। বাংলাদেশ মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এসেম্বলার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমএএ) সভাপতি মতিউর রহমান বলেন, মোটরসাইকেল সংযোজনকারীরাও দেশে মূল্য সংযোজন করছেন। কিন্তু কয়টা যন্ত্রাংশ উৎপাদন করলে, কী পরিমাণ মূল্য সংযোজন করলে উৎপাদক বিবেচিত হবে, সে বিষয়ে কোনো নীতিমালা নেই।রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘২০১০ সালে জারি হওয়া এসআরওতে বলা হয়েছিল, কিছু যন্ত্রাংশ তৈরি করলে কর রেয়াত পাওয়া যাবে। এই সুবিধা ২০১৪ সাল পর্যন্ত থাকবে। এই প্রণোদনা দেখে বিপুল পরিমাণ বিনিয়োগ নিয়ে আমরা কারখানা স্থাপন করেছি। এখন সরকার বলছে, এই সুবিধা দেওয়া ঠিক হয়নি। আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। সরকারের যদি কোনো ভুল থাকে, তার দায় আমরা নিতে চাই না।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, বিএমএমএএর সহসভাপতি এ এস হেলাল উদ্দিন বলেন, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ।