বাণিজ্য মেলা শেষ হচ্ছে কাল :শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতাদের ভিড়
ইলেকট্রনিক পণ্যে চমক আর মূল্যছাড়

পঁচাত্তর ইঞ্চির বিশাল ডিজিটাল বোর্ড। সেটার ওপর আঙুলে লেখালেখি কিংবা আঁকাআঁকি করা যায় সহজেই। মন চাইলে বোর্ডকে মুহূর্তেই টিভি বানিয়ে দেখা যাবে দেশ-বিদেশের চ্যানেল। ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগও আছে।
দেশের বাজারে প্রথমবারের মতো এই ‘ডিজিটাল টাচ বোর্ড’ নিয়ে এসেছে ওয়ালটন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে এবং অফিসের বৈঠকে সাধারণ বোর্ডের পরিবর্তে ব্যবহার করা যাবে এই ডিজিটাল বোর্ড। তবে দাম আকাশছোঁয়া, ৭ লাখ টাকা। শিগগিরই পণ্যটির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। চমক এখানেই শেষ নয়, দেশীয় এই ব্র্যান্ড এনেছে সাশ্রয়ী মূল্যের ফোরকে প্রযুক্তির টিভি। কম বিদ্যুৎ খরচ হবে এমন প্রযুক্তির নতুন রেফ্রিজারেটরও বাজারে ছেড়েছে তারা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) উপলক্ষে ওয়ালটনের মতো সনি-র্যাংগস, ভিসন ও যমুনা ইলেকট্রনিকস নতুন নতুন পণ্য এনেছে। পণ্যের প্রচারের জন্য পণ্যভেদে মূল্যছাড় দেওয়া হচ্ছে। শিগগিরই বাজারে আসবে এমন পণ্যের প্রচারণা চালাচ্ছে তারা। নিচ্ছে ক্রেতাদের মতামত।
রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলায় গতকাল রোববার প্রতিষ্ঠানগুলোর প্যাভিলিয়ন ঘুরে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেল। এদিকে আজ বাদে কাল মঙ্গলবার মাসব্যাপী বাণিজ্য মেলা শেষ হচ্ছে। সে জন্য কেনাকাটায় ধুম লেগেছে। মেলায় প্রতিদিন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিক্রিবাট্টা ভালো হওয়ায় বিক্রেতারাও খুশি।
ওয়ালটন সারা বছর যেসব নতুন পণ্য বাজারে আনে, তার অধিকাংশই বাণিজ্য মেলায় প্রদর্শন করা হয়। এবার বিভিন্ন আকারের ৩৬টি নতুন মডেলের টিভি এনেছে তারা। এর মধ্যে আছে ৫৫ ইঞ্চির ফোরকে প্রযুক্তির টিভি। দাম ১ লাখ ১০ হাজার টাকা। ১৮ হাজার টাকায় মিলছে ৩২ ইঞ্চি টিভি। সব ধরনের টিভিতে ৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে তারা। এ ছাড়া ৩২টি আকারের শতাধিক মডেলের রেফ্রিজারেটর এনেছে ওয়ালটন। ল্যাপটপ, মোবাইল, এয়ারকন্ডিশন, জেনারেটর, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, সুইচ-সকেট, লাইট ফিটিংসের নতুন নকশার পণ্য প্রদর্শন ও বিক্রি করছে ব্র্যান্ডটি।
জানতে চাইলে ওয়ালটন প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ‘মেলায় বিভিন্ন পণ্য সম্পর্কে আমরা ক্রেতা-দর্শনার্থীদের মতামত নিয়ে থাকি।’ তিনি বলেন, মেলায় ভালো সাড়া পাওয়া গেছে। গতবারের চেয়ে এবার দেড় থেকে দুই কোটি টাকা বেশি বিক্রি হয়েছে।
বাংলাদেশে সর্বপ্রথম ফোরকে প্রযুক্তির টিভি এনেছিল সনি। এবার তারা ফোরকে প্রযুক্তির সর্বশেষ সংস্করণ জেড নাইন ডি টিভি এনেছে। ৭৫ ইঞ্চি আকারের এই টিভিতে ছবি অনেক বেশি জীবন্ত। সনি-র্যাংগসের ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ মেজবাউল আলমের ভাষায়, ‘মনে হবে সবকিছু একেবারের চোখের সামনে ঘটছে।’ সনির ৪৩ থেকে ৮৫ ইঞ্চি আকারের ফোরকে টিভির দাম ১ লাখ ২৫ হাজার থেকে ২০ লাখ পর্যন্ত।
মেলা উপলক্ষে সনি ৩২ ইঞ্চি এলইডি টিভি ৪ হাজার টাকা কমে ২৭ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ৪৩ ইঞ্চি থ্রিডি টিভির দাম ৫ হাজার টাকা কমে ৭৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ৩২, ৪০ ও ৪৮ ইঞ্চি ইন্টারনেট টিভিতে ১ হাজার থেকে ৩ হাজার টাকা ছাড় দিচ্ছে সনি। এবার প্রথম বহনযোগ্য ব্লুটুথ স্পিকার এনেছে তারা। দাম ৭ হাজার ৯০০ থেকে ১৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া নতুন ডিজে সিস্টেম এনেছে সনি। তাদের পণ্যের তালিকায় ক্যামেরা, হেডফোন, মোবাইল, রেফ্রিজারেটর, হোম থিয়েটার ইত্যাদি আছে।
শেখ মেজবাউল আলম বলেন, ‘নতুন প্রযুক্তির সঙ্গে ক্রেতাদের পরিচয় ঘটানোর পাশাপাশি ক্রেতা টানার জন্য প্রতিবার বাণিজ্য মেলায় অংশ নেয় সনি-র্যাংগস। সেই বিচারে মেলায় অংশ নেওয়াটা আমাদের সার্থক।’
প্রাণ-আরএফএল গ্রুপের ভিসন ব্র্যান্ড মেলা উপলক্ষে ফোরকে ও থ্রিডি প্রযুক্তির টিভি এনেছে। এ ছাড়া ৩২ থেকে ৪৩ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন আকারের টিভি আছে। এই টিভির দাম পড়বে ২৮ হাজার ৪০০ থেকে ৫০ হাজার টাকা। টিভিতে ১৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে ভিসন। এবার প্রথম দুই দরজার রেফ্রিজারেটর এনেছে ব্র্যান্ডটি। এ ছাড়া তাদের আছে এয়ারকন্ডিশন, ওয়াশিং মেশিন, এয়ারকুলার, রাইস কুকার, রুটি মেকার, ইস্ত্রি, রুম হিটার ইত্যাদি।
মেলায় যমুনা ইলেকট্রনিকস নতুন আটটি মডেলের রেফ্রিজারেটর এনেছে। ২৪৮ থেকে ৩৪৮ লিটার আকারের এসব রেফ্রিজারেটরের দাম ৩১ হাজার থেকে ৩৫ হাজার ৮০০ টাকা। ক্রেতা আকর্ষণে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে দেশীয় ব্র্যান্ডটি। এ ছাড়া নতুন চার মডেলের টিভি এনেছে যমুনা। অন্যদের মতো ফোরকে প্রযুক্তির টিভি আছে তাদের। ৫৫ ইঞ্চি ফোরকে টিভির দাম ৯৮ হাজার টাকা। এ ছাড়া ২০ থেকে ৪৩ ইঞ্চির ফুল এইচডি টিভির দাম ১৩ হাজার ৬৮৪ থেকে ১৪ হাজার ৮০০ টাকা। টিভিতে ৯ শতাংশ মূল্যছাড় দিচ্ছে যমুনা।
এ ছাড়া মোটরসাইকেল, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান ইত্যাদি পণ্য প্রদর্শন ও বিক্রি করছে যমুনা। প্রতিষ্ঠানের কর্মকর্তা পলাশ সরকার বললেন, গতবারের চেয়ে এবার মেলায় বিক্রি অনেক বেশি হয়েছে।