ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ স্থানান্তর শুরু এপ্রিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতি দ্রুত টাকা লেনদেনের জন্য দেশের ডাকঘরগুলোতে চালু করা হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস বা ইলেকট্রনিকভাবে অর্থ স্থানান্তর সেবা কার্যক্রম। আগামী এপ্রিল মাসের মাঝামাঝি থেকে গ্রাহক এ প্রযুক্তিতে নগদ অর্থ লেনদেন করতে পারবেন। বাংলাদেশ ডাকঘর (বিপিও) গ্রাহকদের জন্য এ সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশজুড়ে ৬০০ ডাকঘরে ও পর্যায়ক্রমে আরও এক হাজার ডাকঘর এই সেবা কার্যক্রমের আওতায় আসবে। জানা গেছে, এই সেবার আওতায় ডাকঘরগুলো অভ্যন্তরীণভাবে অর্থ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো টাকাও প্রদান করতে পারবে। আগে যেখানে মানি অর্ডারের মাধ্যমে টাকা পাঠাতে কমপক্ষে তিন-চার দিন লাগত, এখন তা কয়েক মিনিটের মধ্যেই সম্ভব হবে। জিপিওর মহাপরিচালক মোবাশ্বেরুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আপাতত থানা পর্যায়ের ডাকঘরগুলোতে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস চালু করা হবে।’ তবে থানা পর্যায়ের সব ডাকঘরকে এই সেবার আওতায় আনতে প্রায় তিন-চার মাস লেগে যেতে পারে বলে জানান তিনি। মোবাশ্বেরুর আরও জানান, ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ স্থানান্তর সেবা চালু করতে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সেলুলার নেটওয়ার্কের সাহায্য নেওয়া হয়েছে। এ ছাড়া বাংলালিংক প্রায় তিন হাজার পোস্টমাস্টার ও ডাক কর্মকর্তাদের এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেবে। দেশে ডাকঘরের সংখ্যা প্রায় ১০ হাজার।উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে বাংলালিংকের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা জিপিওতে অনুষ্ঠিত চুক্তি স্ব্বাক্ষর অনুষ্ঠানে বিপিওর অতিরিক্ত মহাপরিচালক [পরিকল্পনা] এ কে এম সফিউর রহমান এবং বাংলালিংকের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ ওসমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিপিওর মহাপরিচালক মোবাশ্বেরুর রহমান, বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আশের ইয়াকুব খান এবং জনসংযোগ ও যোগাযোগ বিভাগের প্রধান সোলায়মান আলম। সোলায়মান আলম জানান, এই পদ্ধতিতে দেশের ভেতরে টাকা প্রেরণকারীরা যেকোনো ডাকঘরে গিয়ে নগদ অর্থ পাঠাতে পারবেন। সংশ্লিষ্ট ডাকঘর তখন ইলেকট্রনিক পদ্ধতিতে প্রেরকের কাছে খুদেবার্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একটি নম্বর (ইউনিক ট্রানজেকশন পিন-টিপিন) পাঠাবে। প্রেরক তখন ওই নম্বরটি প্রাপকের কাছে পাঠিয়ে দেবেন। পরে প্রাপক ওই নম্বর দিয়ে কাছাকাছি যেকোনো ডাকঘরে গিয়ে প্রয়োজনীয় পরিচয়পত্র দেখিয়ে টাকা উত্তোলন করতে পারবেন।