ইলেকট্রনিক পেমেন্ট বিষয়ে শিগগিরই সরকারের সঙ্গে ব্যাংকগুলোর চুক্তি
ইলেকট্রনিক পেমেন্ট বা ই-পেমেন্টের বিষয়ে সরকার শিগগিরই তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্মারক সই্রকরতে যাচ্ছে। ই-টেন্ডারিং চালুর লক্ষ্যে এই স্মারক স্বাক্ষরিত হবে।বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সিপিটিইউ চলতি জানুয়ারির শেষ নাগাদ চারটি সরকারি সংস্থায় পাইলট ভিত্তিতে ই-টেন্ডারিং চালু করবে বলে আশা করা হচ্ছে।পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার তফসিলি ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে এ ব্যাপারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন আইএমইডির সচিব মোহাম্মদ হাবিব উল্লাহ মজুমদার। সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বৈঠকটির আয়োজন করে। বৈঠকে সিপিটিইউর মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাজনীন সুলতানা এবং সিপিটিইউর পরিচালক আজিজ তাহের খানসহ অন্যান্য কর্মকর্তা এবং প্রায় ১২টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে ই-টেন্ডারিংয়ে ব্যাংকগুলো কীভাবে অনলাইন পেমেন্টের মাধ্যমে সহায়তা করতে পারে, সে বিষয়ে সিপিটিইউ একটি উপস্থাপনা তুলে ধরে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ব্যাংকগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী দরদাতাদের জন্য অনলাইন পেমেন্ট-সংক্রান্ত সার্ভিস চার্জ নির্ধারণ করবে। তবে এ ক্ষেত্রে ব্যাংকগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য হবে না। বিজ্ঞপ্তি।