জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক অনুষ্ঠানে বক্তারা ইলেকট্রনিক লেনদেন ব্যবস্থা নিশ্ছিদ্র করতে সাইবার নিরাপত্তা বৃদ্ধির তাগিদ দিয়েছেন। তাঁরা বলেন, যেকোনো ধরনের সাইবার অপরাধ মোকাবিলা করতে হবে।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গতকাল বুধবার ‘ভ্যাট অনলাইন’ প্রকল্প নিয়ে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘আমরা যতই ডিজিটাইজ হব, ততই ঝুঁকি বাড়বে। এ ঝুঁকি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। স্থানীয় পর্যায়ের লেনদেনে ঝুঁকি এড়াতে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। চলতে চলতেই আমরা শিখব। শিখতে শিখতেই এগিয়ে যাব।’
দেশে সম্প্রতি এটিএম মেশিনে অর্থ উত্তোলনের কেলেঙ্কারি প্রসঙ্গে আতিউর রহমান বলেন, এটা নতুন নয়। এ ধরনের ঘটনা এফবিআই, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ব্যবস্থায়ও ঘটেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, এনবিআরের সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য সংযোজন কর (মূসক) সংগ্রহ ব্যবস্থায় ব্যাংকিং চ্যানেলে অত্যাধুনিক ইলেকট্রনিকস পেমেন্ট সিস্টেম ব্যবহার করা হবে। এতে সহজেই করদাতারা মূসক পরিশোধ করতে পারবেন। তিনি জানান, অনলাইনে মূসক পরিশোধে ব্যাংকগুলোকে সম্পৃক্ত করা হবে।
অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, রূপকল্প বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়াতে হবে। ভ্যাট অনলাইন ও আয়করের মধ্যে একটি সংযোগ না থাকলে রাজস্ব আদায় বাড়বে না। এটি নিয়ে এনবিআরকে ভাবতে হবে।
ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব এম আসলাম আলম ভ্যাট অনলাইন প্রকল্পের সমস্যা দূর করতে ব্যাংকার, এনবিআর ও অংশীজনদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ দেন। এতে অনলাইনে মূসক পরিশোধের ক্ষেত্রে যে সমস্যা আছে তা চিহ্নিত করে দূর করা যাবে বলে তিনি উল্লেখ করেন।
এনবিআরের চেয়ারম্যান বলেন, আগামী দিনে মূসকই হবে রাজস্ব আদায়ের ভবিষ্যৎ। সারা পৃথিবীতে অভ্যন্তরীণ সম্পদ আহরণে জোর দেওয়া হচ্ছে। ভ্যাট অনলাইন প্রকল্পটি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এখন স্বপ্ন দেখা থেকে স্বপ্ন বাস্তবায়নের পর্যায়ে আছি। ভ্যাট অনলাইন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। একে কাজে লাগিয়ে বাংলাদেশের রাজস্ব সম্ভাবনাকে দিন দিন বাড়াতে চাই। ব্যবসায়ীরাও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
হিসাব মহানিয়ন্ত্রক আবুল কাশেম ট্রেজারি চালান বা রসিদের মাধ্যমে পরিশোধের পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করেন। তিনি মাঠপর্যায়ে মূসক কার্যালয়ে করদাতারা যাতে হয়রানি না হন সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান।
এনবিআরের সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ভ্যাট অনলাইন ব্যবস্থা চালু হলে করদাতারা সহজেই মূসক পরিশোধ করতে পারবেন। তাঁদের কোনো ধরনের সমস্যা বা হয়রানি হতে হবে না।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও সরকারি-বেসরকারি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।