ইলেকট্রনিকস কারখানা স্থাপনের আগ্রহ দেখাল দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিকস ময়মনসিংহের ভালুকায় একটি কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। এতে ব্যয় হবে ৫০ লাখ ডলার।এ কারখানায় ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রক ও এলসিডি টেলিভিশনসহ গৃহস্থালিতে ব্যবহার্য ইলেকট্রনিক পণ্যসামগ্রী তৈরি করা হবে। এতে কর্মসংস্থান হবে পাঁচ হাজার লোকের।বাংলাদেশ সফররত দক্ষিণ কোরিয়ার এলজি ইলেকট্রনিকসের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে এ দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্যবিরণীতে গতকাল এসব তথ্য জানানো হয়।বৈঠকে এলজি ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট জানওয়ান কিম, ব্যবস্থাপক নাথান পার্ক, এলজি সিঙ্গাপুর কার্যালয়ের ব্যবসায় ব্যবস্থাপক এলান কিম, ঢাকা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মি. ঝ্যাং ও বাটারফ্লাই মার্কেটিংয়ের বিপণন পরিচালক মোস্তাফিজুর রহমান সাজিদ উপস্থিত ছিলেন।ভবিষ্যতে বড় আকারের ইলেকট্রনিক পণ্য উৎপাদনের কারখানা করতে আগ্রহ জানিয়ে প্রতিনিধিদলটি বিশেষায়িত শিল্পাঞ্চলে তাদের ১০০ একর ভূমি বরাদ্দ দিতে শিল্পমন্ত্রীকে আহ্বান জানায়।দিলীপ বড়ুয়া জানান, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তুলছে। বাংলাদেশে সরাসরি অথবা যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী।