ইলেকট্রনিকস পণ্যের বিক্রি জমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য মেলায় একটি প্যাভিলিয়নে টিভি দেখছেন ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো
বাণিজ্য মেলায় একটি প্যাভিলিয়নে টিভি দেখছেন ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতারা সব সময়ই বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ দেখান। টেলিভিশন, ফ্রিজসহ টুকিটাকি ইলেকট্রনিকস পণ্যের জন্য ক্রেতারা ভিড় করেন দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্যাভিলিয়নে। তাঁদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতাপ্রতিষ্ঠানগুলোও মেলায় নগদ অর্থ ছাড়, উপহারসহ নানা সুবিধা দিয়ে থাকে।
তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের মেলায় ইলেকট্রনিকস পণ্যের বেচাকেনা এখনো জমে ওঠেনি। সনি-র্যাং গস, ওয়ালটন, সিঙ্গার, আরএফএলসহ ইলেকট্রনিকস পণ্যের অন্যান্য প্যাভিলিয়ন ঘুরে এমনটিই দেখা গেছে।
মেলা উপলক্ষে বেশ কয়েকটি নতুন মডেলের টেলিভিশন বাজারে এনেছে ইলেকট্রনিকস বাজারে নতুন আসা প্রাণ-আরএফএল। ‘ভিশন’ ব্র্যান্ড নামে টেলিভিশন বাজারজাত করেছে তারা। প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ৫৫ ইঞ্চির এলইডি স্মার্ট প্রযুক্তির টেলিভিশন সাজিয়ে রাখা হয়েছে। দাম ১২ হাজার ৫০০ থেকে শুরু করে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত। প্যাভিলিয়নের বিক্রয় নির্বাহী নাঈমুল হাসান জানান, বিশেষ করে ৩২, ৪২ ও ৫৫ ইঞ্চির টিভিগুলোর প্রতিই গ্রাহকদের আগ্রহ বেশি।
টিভির পাশাপাশি আরএফএলের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে ফ্রিজ, ওভেন, টেবিল ফ্যান, এয়ারকন্ডিশনার, রাইস কুকার, বৈদ্যুতিক চুলা ও প্রেশার কুকার, এলইডি বাল্ব, বৈদ্যুতিক তার, রুম হিটার, ইস্ত্রিসহ ঘর সাজানোর নানা পণ্য। এখানে ক্রেতাদের জন্য সর্বনিম্ন এক হাজার টাকা থেকে আরও বড় অঙ্কের কেনাকাটার বিপরীতে প্লাস্টিক বক্স থেকে শুরু করে ওয়াশিং মেশিন পর্যন্ত উপহার রয়েছে।
মেলায় সনি-র্যাং গস তাদের বিভিন্ন পণ্যে ৫০০ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। ‘অ্যাকশন ক্যাম’ নামের এক বিশেষ ধরনের ভিডিও ক্যামেরা নিয়ে এসেছে সনি। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বা চলন্ত অবস্থায় স্থির ভিডিওচিত্র ধারণের উপযোগী করে বিশেষ এই ক্যামেরা তৈরি করা হয়েছে বলে জানান প্যাভিলিয়নের ব্যবস্থাপক আশফাক হোসেন। দুটি মডেলের এ ক্যামেরার দাম যথাক্রমে ১৯ হাজার ৯০০ ও ২৯ হাজার ৯০০ টাকা।
ক্রেতার পছন্দের তালিকায় সব সময়ই থাকে সনির টেলিভিশন। সনির ৪০ ইঞ্চি টেলিভিশন দেখছিলেন মিরপুর থেকে আসা ফিরোজ কবির। তিনি বললেন, ‘আজ দেখতে এসেছি, কেনার সিদ্ধান্ত এখনো নিইনি।’ সনি এক্সপেরিয়া স্মার্টফোন, হেডফোন, র্যাং গস টিভি, ফ্রিজও মিলবে এখানে।
বাণিজ্য মেলা উপলক্ষে দুটি বড় আকারের প্যাভিলিয়নে নিজেদের পণ্য প্রদর্শন করছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটনের প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, ক্রেতারা ফ্রিজ, টিভি, মুঠোফোন, ইলেকট্রনিক সামগ্রী দেখছেন। প্যাভিলিয়নের দায়িত্বে থাকা ওয়ালটনের ব্যবস্থাপক আকরামুজ্জামান অপু বলেন, মুঠোফোনে ২ থেকে ২০ শতাংশ নগদ অর্থ ছাড় পাচ্ছেন ক্রেতারা। ফ্রিজ, এয়ারকন্ডিশনারে মূল্য ছাড়ের পাশাপাশি রয়েছে বিনা মূল্যে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
বেশ কয়েকটি নতুন মডেলসহ মোট ৭৬টি মডেলের টিভি বাজারজাত করছে ওয়ালটন। সর্বনিম্ন ৯ হাজার ৫০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৯৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব টেলিভিশন। প্রচলিত মডেলের ফ্রিজের সঙ্গে এবার ৫০০ লিটারের বেশি ধারণক্ষমতাসম্পন্ন ফ্রিজও মেলায় প্রদর্শন করছে ওয়ালটন।
গৃহস্থালিতে ব্যবহার্য বিভিন্ন পণ্যও প্রদর্শন করছে ওয়ালটন। তার মধ্যে রয়েছে: ইস্ত্রি, রাইস কুকার, রুম হিটার, ওভেন, এয়ার ফ্রায়ার, কাপড় শুকানোর যন্ত্র, এলইডি বাল্ব ইত্যাদি। ক্রেতাদের সাড়া সম্পর্কে আকরামুজ্জামান জানান, ‘ক্রেতাদের কাছ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত খুব ভালো সাড়া পেয়েছি। রাজনৈতিক অস্থিরতার কারণে গত কয়েক দিনে ক্রেতারা কম আসছেন।’
সিঙ্গারের প্যাভিলিয়নে ফ্রিজ, টেলিভিশনের পাশাপাশি বাহারি আসবাবের পসরা সাজানো রয়েছে। এর মধ্যে এবারই প্রথম আসবাব নিয়ে আসা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মিজানুর রহমান। তাঁদের বিভিন্ন মডেলের সোফার দাম পড়বে ৩৭ হাজার ৯০০ থেকে ৫৭ হাজার ৯০০ টাকা।
সিঙ্গারের প্যাভিলিয়নে স্যামসাং, গ্রুন্ডিগ, স্কাইওয়ার্থ ব্র্যান্ডের টিভি এবং কয়েকটি ব্র্যান্ডের ফ্রিজ রয়েছে। বিশ্বখ্যাত অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপও কিনতে পাওয়া যাচ্ছে সিঙ্গারে। দাম পড়বে ৮৭ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা। এলজি, সিম্ফনি, হুয়াই ব্র্যান্ডের বিভিন্ন মডেলের স্মার্টফোনও ক্রেতারা পাবেন এখানে।
টাকা রাখার জন্য গোদরেজ ব্র্যান্ডের বিশেষ ধরনের সিন্দুক পাওয়া যাচ্ছে সিঙ্গার প্যাভিলিয়নে। দাম ৭ হাজার ৯০০ থেকে ৫০ হাজার টাকা।
সিঙ্গার বিভিন্ন পণ্যে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে ক্রেতাদের।