ইলেকট্রনিকস শিল্প সুরক্ষায় প্রণোদনা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশীয় ইলেকট্রনিকস শিল্প খাতকে সুরক্ষা দিতে আগামী অর্থবছরের বাজেটে শুল্ক ও কর-কাঠামোতে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। আসন্ন বাজেটে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিল্প মন্ত্রণালয়ও সুপারিশ করবে। গতকাল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন ও কোম্পানির পাঁচটি নতুন মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দিলীপ বড়ুয়া আরও বলেন, দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগমুখী এবং আমদানিকে নিরুৎসাহিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ওয়ালটনের বদৌলতে রেফ্রিজারেটর ও মোটরসাইকেল রপ্তানিকারক দেশের মর্যাদা পেয়েছে।কারখানা পরিদর্শনকালে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ, ওয়ালটনের বিপণন পরিচালক মিজানুর রহমান, গণসংযোগ পরিচালক হুমায়ন কবির, গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা এনায়েত ফেরদৌসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।শিল্পমন্ত্রী বলেন, ‘বিদেশি পণ্যের অবাধ প্রবেশের কারণে দেশীয় শিল্পকে টিকে থাকতে কষ্ট হচ্ছে। এ জন্য বিদেশি পণ্য আমদানির ওপর শুল্ক বাড়িয়ে কাঁচামালের ওপর শুল্ক কমালে দেশীয় শিল্পের বিকাশে গতি পাবে।’ দিলীপ বড়ুয়া আরও বলেন, বিদেশি উদ্যোক্তারা চান না বাংলাদেশে ওয়ালটনের মতো কারখানা গড়ে উঠুক। এই পরিকল্পনা থেকে তাঁরা নিম্নমানের পণ্য অল্প দামে বাংলাদেশের বাজারে ছাড়ছেন। এ ছাড়া অসাধু ব্যবসায়ীরা শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানি করছেন।