ইলেকট্রনিকসে চমক অ্যান্ড্রয়েড টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ঘড়ির কাঁটার দিকে) সনি–র‍্যাংগস, ওয়ালটন, ভিশন ও শার্প ব্র্যান্ডের প্যাভিলিয়নে গতকাল ক্রেতা–দর্শনার্থীরা বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যসামগ্রী দেখছেন l প্রথম আলো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ঘড়ির কাঁটার দিকে) সনি–র‍্যাংগস, ওয়ালটন, ভিশন ও শার্প ব্র্যান্ডের প্যাভিলিয়নে গতকাল ক্রেতা–দর্শনার্থীরা বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যসামগ্রী দেখছেন l প্রথম আলো

ফোর-কে প্রযুক্তিতে তৈরি টিভির চমক না ফুরাতেই দেশের বাজারে চলে এসেছে অ্যান্ড্রয়েড টেলিভিশন। নিখুঁত ছবির পাশাপাশি এতে মুঠোফোনের মতো বিভিন্ন অ্যাপসও ব্যবহার করা যাবে। এতে আছে কণ্ঠস্বর দিয়েই টেলিভিশনে ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা। এই টিভিতে গেমস তো খেলা যাবেই, উপরন্তু মেমোরি কার্ড থাকায় গেমস সংরক্ষণের সুযোগও আছে।
রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠানরত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) সনি-র্যাং গসের প্যাভিলিয়নে গিয়ে সনি ব্র্যান্ডের এই নতুন টেলিভিশনের দেখা মিলল। এ ধরনের অ্যান্ড্রয়েড টেলিভিশন দেশি ব্র্যান্ড ওয়ালটন ও জাপানি ব্র্যান্ড শার্পও নিয়ে এসেছে। ব্র্যান্ডভেদে সুযোগ-সুবিধায় কিছুটা পার্থক্য থাকলেও নতুন প্রযুক্তির এসব টিভি ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে।
ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলো প্রতিবারই বাণিজ্য মেলায় নতুন পণ্য নিয়ে আসে। এবারও ব্যতিক্রম ঘটেনি। মেলার চতুর্থ দিনে গতকাল সোমবার কয়েকটি ইলেকট্রনিকস ব্র্যান্ডের প্যাভিলিয়ন ঘুরে নতুন নতুন পণ্যের পসরা দেখা গেল। মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতির সংখ্যা এখনো তুলনামূলক কম হওয়ায় বেচাবিক্রি পুরোপুরি জমে ওঠেনি। তবে ব্যবসায়ীরা আশাবাদী, গত বছরের চেয়ে এবারে ভালো সাড়া মিলবে।
সনি-র্যাং গসের প্যাভিলিয়নে তিন আকারে অ্যান্ড্রয়েড টিভি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে ৪৩ ইঞ্চি ১ লাখ ১৯ হাজার, ৭৫ ইঞ্চি ৭ লাখ ২৫ হাজার ৯০০ এবং ৮৪ ইঞ্চি টিভির দাম ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা। এ ছাড়া ফোর-কে প্রযুক্তির পাতলা (৪.৯৯ মিলিমিটার পুরু) টিভি এনেছে সনি। পাশাপাশি ২৪ থেকে ৪৮ ইঞ্চি এলইডি টিভি বিক্রি করছে সনি। সাড়ে ২৫ হাজার থেকে ৮৯ হাজার ৯০০ টাকায় মিলছে এসব টিভি।
এ ছাড়া মেলায় র্যাং গস ব্র্যান্ডের নতুন মডেলের ১০টি রেফ্রিজারেটর ও ৫টি ওয়াশিং মেশিন এসেছে। রেফ্রিজারেটর ২৩ হাজার ২৫০ থেকে ৭০ হাজার এবং ওয়াশিং মেশিন ১৩ হাজার থেকে সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি সনি-র্যাংগস ক্যামেরা, হোম থিয়েটার, ওভেন, রাইস কুকার, মুঠোফোন ইত্যাদি পণ্যও প্রদর্শন করছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা আল ইমরান বলেন, ‘মেলার বয়স যত বাড়বে বিক্রিবাট্টাও বাড়বে।’ তিনি জানান, সনি-র্যাং গস মেলায় আসা ক্রেতাদের প্রায় সব পণ্যেই মূল্যছাড় দিচ্ছে। সুবিধাটি সারা দেশের বিক্রয়কেন্দ্রগুলোতেও পাওয়া যাবে।
মেলায় দেশি ব্র্যান্ড ওয়ালটন প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ইন্টারনেট স্মার্ট টিভি নিয়ে এসেছে। ৫৫ ইঞ্চির এই টিভির দাম ৮৫ হাজার ৯০০ টাকা। এ ছাড়া এলইডি ২৪ ও ৩২ ইঞ্চির দুটি করে মোট চারটি নতুন মডেলের টিভি এনেছে। তাদের ১৯ থেকে ৪৩ ইঞ্চির অন্যান্য এলইডি টিভির দাম ১৩ হাজার থেকে সাড়ে ৪৪ হাজার টাকা। বিশেষ প্রযুক্তিতে তৈরি ৩৭০ লিটার ধারণক্ষমতার বিশালাকৃতির পরিবেশবান্ধব রেফ্রিজারেটর নিয়ে এসেছে ওয়ালটন। দাম ৪৯ হাজার ৯০০ টাকা। এত দিন এটি শুধু রপ্তানি করা হতো। এখন দেশের বাজারেও পাওয়া যাবে। এ ছাড়া ওয়ালটনের প্যাভিলিয়নে সাড়ে ১৭ হাজার থেকে সাড়ে ৩৪ হাজার টাকায় বিভিন্ন আকারের রেফ্রিজারেটর মিলবে। ওয়াশিং মেশিন, আয়রন, টোস্টার, ওভেন, রুটি মেকার, গ্যাস স্টোভ, এয়ারকন্ডিশন, এয়ারকুলার, জেনারেটর, মুঠোফোন, সুইচ-সকেট এসব তো থাকছেই।
জানতে চাইলে ওয়ালটনের কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, সব পণ্যেই মেলা উপলক্ষে মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ক্রেতাদের সাড়ায় তাঁরা খুশি বলেও জানান তিনি।
মেলায় নতুন মডেলের টেলিভিশন এনেছে প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ‘ভিশন’। সব ধরনের টেলিভিশনেই তারা ৮ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির এবারের চমক ৫৫ ইঞ্চির থ্রিডি স্মার্ট টিভি। এর দাম ১ লাখ ১ হাজার ২০০ টাকা। আর ১৩ থেকে ৪৩ ইঞ্চি এলইডি টিভির দাম সাড়ে ১২ হাজার থেকে ৪৫ হাজার টাকা।
রেফ্রিজারেটরে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে ভিশন। তাদের নতুন সংযোজন পরিবেশবান্ধব প্রযুক্তি। বিভিন্ন আকারের রেফ্রিজারেটরের দাম ১৩ হাজার ২০০ থেকে ৮০ হাজার টাকা। ওয়াশিং মেশিন মিলবে ১৩ হাজার থেকে ২১ হাজার টাকায়। এ ছাড়া এয়ারকুলার, ফ্যান, রাইস কুকার, রুম হিটার, আয়রন, কেব্ল ইত্যাদি বিক্রি করছে তারা।
ভিশনের প্যাভিলিয়ন ইনচার্জ তৌফিকুল ইসলাম বলেন, ক্রেতারা টিভি-ফ্রিজের পাশাপাশি ছোট ইলেকট্রনিকস পণ্যে বেশি আগ্রহ দেখাচ্ছেন। ইতিমধ্যে পাঁচ-ছয়টি টিভি বিক্রি হয়েছে।
জাপানি ব্র্যান্ড শার্প প্রথমবারের মতো মেলায় এনেছে অ্যান্ড্রয়েড ও কোয়াট্রন প্রো টিভি। এর মধ্যে ৬৫ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভির হ্রাসকৃত মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা। আর ৬০ ইঞ্চি কোয়াট্রন টিভির দাম সাড়ে ৪ লাখ টাকা। এ ছাড়া ২৩ ইঞ্চি এলইডি টিভি সাড়ে ১৭ হাজার, ৩২ ইঞ্চির দুটি এলইডি মডেল ২৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। রেফ্রিজারেটর, হিটার, ওয়াশিং মেশিন, সাউন্ড সিস্টেমের মতো বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
এসব ব্র্যান্ডের বাইরে মাইওয়ান, মিনিস্টার, যমুনা ও ইলেকট্রো মার্ট লিমিটেড মেলায় অংশ নিয়েছে। সব ব্র্যান্ডই নতুন পণ্য প্রদর্শন করছে।