ইলেকট্রাকার্ডকে অধিগ্রহণ করছে মাস্টারকার্ড
মাস্টারকার্ড ভারতের পুনেভিত্তিক সফটওয়্যার সলিউশনস সরবরাহকারী ও ইলেকট্রনিক লেনদেন প্রক্রিয়াকরণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইলেকট্রাকার্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে (ইসিএস) অধিগ্রহণ করবে৷ আগামী জুন মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে৷
এ ব্যাপারে ইসিএসের মূল কোম্পানি অপাস সফটওয়্যার সলিউশনস প্রাইভেট লিমিটেডের (অপাস) সঙ্গে সম্প্রতি চুক্তি সই করেছে মাস্টারকার্ড৷
ইসিএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে৷ এতে বলা হয়, বর্তমানে বিশ্বের ২৫টিরও বেশি দেশে এই প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম বিস্তৃত। এটি আর্থিক প্রতিষ্ঠান, রিটেইলার ও টেলিফোন সেবা প্রদানকারী কোম্পানিগুলোকে সব ধরনের পেমেন্ট কার্ড ও ইলেকট্রনিক কার্ড-সংক্রান্ত সেবা দিয়ে থাকে। এটিএম, পিওএস, ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার করে এসব কার্ডে লেনদেন করা যায়।
মাস্টারকার্ডের এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রেসিডেন্ট ভিকি বিন্দ্রা এ প্রসঙ্গে বলেন, ‘ইসিএসকে অধিগ্রহণ করার ফলে আমাদের বিস্তৃত পরিসরে সেবা প্রদান ও গ্রাহকের চাহিদা অনুযায়ী উপযুক্ত পণ্য সরবরাহের সক্ষমতা বেড়েছে।’