ইলেকট্রিক খাতে দেশীয় পণ্যের ভিত্তি শক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রিক খাতে দেশীয় পণ্যের ভিত্তি এখন বেশ শক্ত। স্থানীয় উদ্যোক্তারা প্রায় একক প্রচেষ্টায় গত এক দশকে বেশ কয়েকটি ইলেকট্রিক পণ্যে দেশকে স্বাবলম্বী করার সাফল্য এনে দিয়েছেন। উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এখন মনে করেন, সরকারের নীতিসহায়তা পেলে এ খাতে দ্রুত প্রবৃদ্ধি সম্ভব। তখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজার দখল করার সুযোগ ঘটবে বলে মনে করেন তাঁরা। গত শতাব্দীর শেষ দশকেও দেশের বাইরে থেকেই বেশির ভাগ ইলেকট্রিক পণ্য আমদানি করতে হতো। তবে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন বৈদ্যুতিক তার থেকে শুরু করে ফ্যান, সুইচ, সকেট, মাল্টি কট, লাইট ফিটিংস ইত্যাদি মানসম্পন্ন যন্ত্রাংশ দেশেই তৈরি হচ্ছে। জানা যায়, ১৯৬২ সালে তৎকালীন সরকারি প্রতিষ্ঠান ‘পাক কেব্লস’ এ দেশে প্রথম বৈদ্যুতিক তার উৎপাদন শুরু করে। স্বাধীনতার পর তা ইস্টার্ন কেব্লস নামে উৎপাদন করে। পরে এ খাতে যুক্ত হয় বিআরবি, প্যারাডাইজ, পলি, বিবিএস, খাজা, আজিজ কেব্লসসহ আরও অনেক প্রতিষ্ঠান। বর্তমানে ৭০ থেকে ৮০টি প্রতিষ্ঠান বৈদ্যুতিক তার তৈরি করছে। ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, ১০ বছর ধরে বৈদ্যুতিক তারের ক্ষেত্রে দেশ স্বয়ংসম্পূর্ণ। এ ছাড়া ফ্যানের চাহিদার ৮৫ শতাংশ, সুইচ সকেট ৮০ শতাংশ, ইলেকট্রিক্যাল ব্যালাস্ট ৭০ শতাংশ দেশি প্রতিষ্ঠানগুলোই মেটাচ্ছে এখন। সারা দেশে ছোট-বড় দেড় হাজারের বেশি ইলেকট্রিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে। তবে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের (বিইএমএমএ) সদস্যসংখ্যা প্রায় এক হাজার। এসব প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা। ব্যবসায়ীদের দাবি, সরকারের কিছু নীতিগত সিদ্ধান্তে এ খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া কিছু অসাধু ব্যবসায়ীর সহায়তায় পাকিস্তানি প্রতিষ্ঠান ডাম্পিং (উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে) দেশের বাজারে ফ্যান ঢুকিয়ে দিচ্ছে। একই সঙ্গে নিম্নমানের পণ্য ও মূল্য কম দেখিয়ে (আন্ডার ইনভয়েস) আমদানির ঘটনা দেশীয় এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাঁরা জানান, এ খাতের প্রয়োজনীয় কাঁচামাল হচ্ছে ইউরিয়া রেজিনস। বৈদ্যুতিক সুইচ, সকেট, হোল্ডার, মাল্টিকর্ড তৈরিতে এটি ব্যবহূত হয়। এর বার্ষিক চাহিদা ২০ থেকে ২৫ হাজার মেট্রিক টন। কিন্তু এই কাঁচামাল আমদানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। সরকারি একটি প্রতিষ্ঠান অল্প পরিমাণে ইউরিয়া রেজিনস উৎপাদন করে, যা চাহিদার তুলনায় খুবই কম প্রায় তিন শতাংশ। দেশীয় এই প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার অজুহাতে সরকার অযৌক্তিকভাবে আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করেছে—এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের।এ বিষয়ে বিইএমএমএর সহসভাপতি মো. কামাল হোসেন বলেন, সরকারের প্রতিষ্ঠানটি যদি চাহিদার পুরোটা জোগান দিতে পারত, তবে কোনো সমস্যা ছিল না। কিন্তু বৃহৎ স্বার্থে এটি দেশীয় ইলেকট্রিক শিল্পের জন্য বড় বাধা।