ইলেকট্রিক্যাল শিল্পপার্কের জন্য অঞ্চল বরাদ্দ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রিক্যাল শিল্পপার্ক স্থাপনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
একই সঙ্গে ইলেকট্রিক্যাল পণ্য ও সরঞ্জাম খাতে তিন বছরের জন্য ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়ার দাবিও করেছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি।
ঢাকার মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারতীয় পণ্যের মেলা ‘ইন্ডিয়া ইনভেসট্রেড ২০১৫’। তিন দিনের এ মেলা সম্পর্কে জানাতেই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মেলাটির উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি বলেন, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে প্রতি মাসে প্রায় এক হাজার বাংলাদেশি চিকিৎসা নিতে যান। ভারতীয় বিনিয়োগকারীরা এ দেশে হাসপাতাল স্থাপন করলে এখানকার লোকজন উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। এতে দেশে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় জ্বালানি, ইলেকট্রিক্যাল সরঞ্জাম, ইলেকট্রনিকস পণ্য, শিল্পের যন্ত্রপাতিসহ বেশ কিছু পণ্য প্রদর্শিত হবে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং এফবিসিসিআইয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)।
সংবাদ সম্মেলনে উপস্থিত আইসিসির যুগ্ম পরিচালক বি মুখার্জি জানান, মেলায় ৬০-৬৫টি এসএমই প্রতিষ্ঠান অংশ নেবে।
সংবাদ সম্মেলনে ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি মোহাম্মদ আলীসহ এফবিসিসিআইয়ের পরিচালকেরা উপস্থিত ছিলেন।