ইসলামপুরের কাপড়ের পাইকারি বাজারে মন্দা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে নতুন কাপড়ের আবেদনটা সব বয়সের মানুষের কাছে একটু বেশিই। তাই সারা বছরের মধ্যে এ সময়টাই বিপণিবিতানগুলোর জন্য সেরা সময়। কিন্তু ব্যবসার এই ভরা মৌসুমে ইসলামপুরে কাপড়ের পাইকারি বাজারে এবার যেন উল্টো চিত্র। ক্রেতা কম, তাই ব্যবসাতেও যেন মন্দা।সালোয়ার-কামিজ, শার্ট-প্যান্ট, শাড়ি-লুঙ্গির কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের থান ও গজকাপড়ের সম্ভারে ইসলামপুর এখন দেশের বৃহত্তম কাপড়ের বাজার। দেশীয় কাপড়ের পাশাপাশি বিদেশি খ্যাত-অখ্যাত ব্র্যান্ডের কাপড়ও পাওয়া যায় এখানে।দেশের কাপড়ের অপর দুই বড় পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাট এবং রূপগঞ্জের ভুলতা-গাউছিয়ার চেয়ে ইসলামপুরে কাপড়ের বৈচিত্র্য অপেক্ষাকৃত বেশি বলে বছরজুড়ে সারা দেশ থেকে ব্যবসায়ী ক্রেতারা আসেন এখানে। কিন্তু ইসলামপুরের একাধিক ব্যবসায়ী জানান, সারা বছরের মধ্যে রমজানের ঈদের আগেই সবচেয়ে বেশি বেচাকেনা হয় এখানে। তবে এবার বাজার মন্দা যাচ্ছে। গত বছরের অর্ধেক ব্যবসাও হয়নি। কারণ হিসেবে যানজট, অতিবৃষ্টি, বন্যা ও শেয়ারবাজারের ধসকে দায়ী করেন তাঁরা।গত বুধবার সরেজমিনে দেখা যায়, ইসলামপুরে কাপড়ের পাইকারি বাজার প্রায় ক্রেতাশূন্য। অধিকাংশ দোকানের কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। অনেকে আবার এই সুযোগে খুচরা পণ্যের ক্রেতাদের নিয়ে ব্যস্ত আছেন। তবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা খুচরা বিক্রেতাদের মধ্যে চায়না মার্কেট ও নবাববাড়ি গেটসংলগ্ন বিপণিবিতানগুলোতে ক্রেতাদের বেশ ভিড় ছিল।মাসুদ আলম নামে কাপড়ের এক পাইকারি ব্যবসায়ী বলেন, ‘রোজার আগে ব্যবসা ভালো হয়নি। আশা করেছিলাম, রোজার প্রথম দুই সপ্তাহে ব্যবসা হবে। কিন্তু সেটিও হলো না।’একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, প্রতিবছরই এখানকার ব্যবসা কমছে। প্রধান কারণ যানজট। তা ছাড়া অল্প বৃষ্টিতেই ইসলামপুর সড়ক কাদায় একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। কিন্তু সমস্যা সমাধানে কেউ কোনো উদ্যোগ নিচ্ছেন না।ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সাত্তার ঢালী প্রথম আলোকে বলেন, গতবারের চেয়ে এবার ৫০ থেকে ৫৫ শতাংশ ব্যবসা কম হয়েছে। সাধারণত শবে বরাতের রাত থেকে রোজার প্রথম সাত দিন ইসলামপুর জমজমাট থাকে। কিন্তু এবার প্রায় ক্রেতাশূন্য।গত বুধবার আবদুস সাত্তার জানান, গত দু-তিন দিন অনেক বড় ব্যবসাপ্রতিষ্ঠান বনিই করতে পারেনি। এ জন্য বৃষ্টি ও বন্যাকে দায়ী করে তিনি বলেন, ‘আমরা এখনো আশা করছি, রমজানের শেষ দিনগুলোতে ভালো ব্যবসা হবে।’জানা যায়, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির অধীনে নিবন্ধিত ছোট-বড় দোকান আছে প্রায় দুই হাজার। এর বাইরেও অন্তত চার হাজার ছোট ও মাঝারি দোকান আছে। প্রতিদিন এই বাজারে গড়ে ৫০-৬০ কোটি টাকার কাপড়ের ব্যবসা হয় বলে জানান ব্যবসায়ীরা। তবে ঈদের প্রাক্কালে তা কখনো শতকোটি টাকাতেও ওঠে। সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া না গেলেও অনুমান করা যায়, বছরে ইসলামপুরের লেনদেন ১৫ হাজার থেকে ১৭ হাজার ৫০০ কোটি টাকার। তবে প্রকৃত লেনদেন এর চেয়ে বেশি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে জানান একাধিক ব্যবসায়ী।ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ ফরহাদ বলেন, এক দশক আগেও এখানকার ৮০ শতাংশ কাপড় ছিল বিদেশি। আর এখন বেশির ভাগই দেশি। দামে ও মানে ভালো হওয়ায় ক্রেতারা তাই এদিকেই বেশি ঝুঁকছেন। ফরহাদ আরও বলেন, এখানকার ব্যবসায়ীরা এখন দেশের বাইরেও অল্পবিস্তর কাপড় রপ্তানি করছেন। মেয়েদের পোশাকের থ্রি পিস আমেরিকা, সৌদি আরব ও কানাডায় এবং শার্ট-প্যান্টের কাপড় আমেরিকা, জার্মানি, জাপান ও অস্ট্রেলিয়ায় রপ্তানি করা হয় বলে তিনি জানান। এক ব্যবসায়ী নেতা অভিযোগ করে বলেন, ইসলামপুর গুরুত্বপূর্ণ পাইকারি বাজার হলেও প্রশাসনের নজরদারি এখানে খুবই কম। এখানকার ১২৭টি মার্কেটের অধিকাংশেরই কোনো পার্কিং জায়গা নেই। নতুন ভবনগুলোতে প্রথমে পার্কিংয়ের জন্য জায়গা রাখা হলেও পরে সেখানে গুদাম ভাড়া দেওয়া হয়েছে। তাই সড়কের ওপরই গাড়ি পার্ক করে যানজট বাড়ানো হচ্ছে। কাপড় কিনতে সকালে এখানে এলে যানজটের কারণে বিকেল ছাড়া কেউ আর বেরোতে পারেন না।তবে এত সমস্যার পরও পাইকারি এই বিশাল বাজার ঘিরে বিভিন্ন পর্যায়ে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এদের মধ্যে বিরাট এক গোষ্ঠী হচ্ছে শ্রমিক, যারা মাথায় বা ট্রলিতে করে কাপড় নামানো-ওঠানোর কাজ করেন।আবার ইসলামপুরের পাইকারি বাজার ঘিরে পোশাকের বিভিন্ন অনুষঙ্গ, যেমন—সুতা, বোতাম, হ্যাঙ্গারসহ দর্জি কাজের অন্যান্য সামগ্রী পাইকারি বিক্রি হয়। একই সঙ্গে পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, জামা, প্যান্টসহ সব ধরনের তৈরি পোশাক ও কাপড় বিক্রি হয় এখানে।