ইসলামি পুনঃ অর্থায়ন তহবিল গঠিত হলো
বাংলাদেশ ব্যাংকে ইসলামি ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার অতিরিক্ত অর্থ রয়েছে। এ অতিরিক্ত অর্থকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য গঠিত হয়েছে ইসলামিক পুনঃ অর্থায়ন তহবিল। ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ পুনঃ অর্থায়ন তহবিল থেকে অর্থ নিয়ে বিনিয়োগ করতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ তহবিলের অর্থ ব্যবহারের একটি নীতিমালা শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
নীতিমালা অনুসারে এ তহবিলের অর্থে কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, ক্ষুদ্র উদ্যোক্তা (নারী উদ্যোক্তাসহ) খাত এবং নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উদ্যোগে অর্থায়ন করা যাবে। এ তহবিলে দেওয়া অর্থ ইসলামি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবদ্ধ তারল্য সংরক্ষণের ক্ষেত্রে বিবেচনা করা হবে।
যোগাযোগ করা হলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, অনেক দিন ধরেই ইসলামি ব্যাংকগুলো এ সুযোগের অপেক্ষা করে আসছে। তিনি বলেন, ইসলামি ব্যাংকগুলোর জন্য বিনিয়োগের কতকগুলো উপাদান তৈরি করা দরকার ছিল। এরই মধ্যে কয়েকটি হয়েছে। আর এ পুনঃ অর্থায়ন তহবিল তাদের অনেক বিনিয়োগকে সহায়তা দেবে। বিশেষত কৃষিজাত পণ্য, ক্ষুদ্র উদ্যোক্তা এবং নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উদ্যোগে এ ব্যাংকগুলো বিনিয়োগে এগিয়ে যাবে।
ইসলামি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ তহবিলের অর্থ তিন মাস মেয়াদে নবায়নযোগ্য বিনিয়োগ করতে পারবে। তবে সচল ও অশ্রেণীকৃত বিনিয়োগ থাকলে মূল অর্থ বিনিয়োগকাল পর্যন্ত নবায়ন করা যাবে।
এ তহবিলের মুনাফা বা মার্কআপের হার হবে আবেদনকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মুদারাবা সঞ্চয়ী হিসাবের বিদ্যমান মুনাফা হার অথবা ৫ শতাংশ-এর মধ্যে যেটি কম। তহবিল থেকে আয় করা মুনাফা তহবিল জোগানকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক তহবিলটি পরিচালনা করলেও কোনো মুনাফা বা আয় এখান থেকে নেবে না। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় এ তহবিলের অর্থ গ্রহণ, পুনঃ অর্থায়ন, হিসাব সংরক্ষণ ও মুনাফা ভাগের কাজ সম্পন্ন করবে।
তবে কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতের পুনঃ অর্থায়ন মঞ্জুর ও প্রাসঙ্গিক ব্যবস্থাপনা করবে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট। আর নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উদ্যোগে পুনঃ অর্থায়ন মঞ্জুর ও প্রাসঙ্গিক ব্যবস্থাপনা করবে কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্ট। ত্রৈমাসিক ভিত্তিতে এর মুনাফা পরিশোধ করা হবে।