ইসলামি বন্ড বাজার উন্নয়নে নীতিমালা সংশোধন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি বন্ডের বাজার উন্নয়নে নীতিমালায় বেশ কিছু সংশোধনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বন্ড ক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর তারল্য ব্যবস্থাপনা সহজ হবে এবং একই সঙ্গে ইসলামি ব্যাংকগুলোতে পড়ে থাকা বিপুল পরিমাণ অলস অর্থ বিনিয়োগের সুযোগ হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।ইসলামি বন্ড আকর্ষণীয় করতে এসব সংশোধনীর উদ্যোগ নিয়ে গতকাল সোমবার ইসলামি ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সবকটি ইসলামি ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত নীতিমালা সংশোধনীর ওপর ব্যাংকগুলোর পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। কিছু বিষয়ে শীর্ষস্থানীয় নির্বাহীরা প্রস্তাবও দিয়েছেন। এই প্রস্তাব নিয়ে খসড়া চূড়ান্ত করে তা আবার ব্যাংকগুলোতে পাঠানো হবে। এর ভিত্তিতে চূড়ান্ত সংশোধনী আনা হবে নীতিমালায়।বর্তমানে ইসলামি বন্ড এক লাখ টাকা বা এর গুণিতক মূল্যমানের অভিহিত মূল্যে ছয় মাস, এক বছর ও দুই বছরের মেয়াদে বিক্রি করা হয়। সংশোধনীতে মেয়াদ এক মাস, তিন মাস, ছয় মাস ও এক বছর করার প্রস্তাব রয়েছে। এতে বন্ড ক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর তারল্য ব্যবস্থাপনা সহজ হবে। একই সঙ্গে বিক্রি হওয়া বন্ডগুলো মুদ্রাবাজারে সহজে বিক্রয়যোগ্য উপাদান হবে।সংশোধনীতে ইসলামি বন্ড উন্মুক্ত নিলামের মাধ্যমে মুনাফার অংশীদারির অনুপাতে ক্রেতাদের মধ্যে বণ্টনের প্রস্তাব করা হবে। আর এটা হলে মুদারাবা ভিত্তিতে ইসলামি বন্ডের বিক্রি সহজ হবে এবং এ থেকে লভ্যাংশ বেশি পাওয়ার সম্ভাবনা থাকায় ক্রেতা প্রতিষ্ঠানের কাছে আকর্ষণীয় হবে।নতুন সংশোধনীতে আরও প্রস্তাব করা হয়েছে, সরকার বিশেষ উদ্দেশ্যে সুনির্দিষ্ট খাত বা সম্পদভিত্তিক বিভিন্ন মেয়াদের ইসলামি বন্ড উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করতে পারবে। আর এটা হলে মুদারাবা ও মুরাবাহা ভিত্তিতে দীর্ঘ মেয়াদে বন্ড ছাড়া সম্ভব হবে, যা পুঁজিবাজারের উপাদান হিসেবে বন্ড বাজার সৃষ্টিতে উত্সাহ জোগানো হবে। অন্যদিকে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ইসলামি ব্যাংকগুলোর অলস অর্থ ব্যবহার করা সম্ভব হবে। মেয়াদ পূর্তিতে ইসলামি বন্ডের ধারকের মুনাফা পরিশোধ, ইসলামি বন্ড ধারক ইসলামি ব্যাংক ও ইসলামি শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে রেপো মার্কেটের মতো এই বন্ড ক্রয়-বিক্রির সুযোগ তৈরি, বন্ড নিলামে বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ দরদাতার ভিত্তিতে এবং আনুপাতিক হারে বন্ড বরাদ্দ দেওয়াসহ বেশ কয়েকটি সংশোধনীর প্রস্তাব রয়েছে খসড়া নীতিমালায়। সূত্রগুলো বলছে, এসব সংশোধনী আনা গেলে ইসলামি ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির ব্যবস্থাপনা সহজ হওয়ার পাশাপাশি প্রচলিত মুদ্রাবাজারের চাপ কমে যাবে। তাতে উভয় ক্ষেত্রেই তারল্য পরিস্থিতির ও বন্ড বাজারের উন্নয়ন হবে।জানা গেছে, সংশোধিত ধারার ওপর মতামত চেয়ে চলতি সপ্তাহে ইসলামি ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হতে পারে। এক মাসের মধ্যে ইসলামি ব্যাংকগুলো তাদের মতামত দেবে।ব্যাংকগুলো নিজস্ব শরিয়াহ বোর্ডের সঙ্গে প্রথম পরামর্শ করবে। এর পরবর্তী সময়ে সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের মতামত নিয়ে তা কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হবে। পরে তা পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।