ইসলামি ব্যাংকগুলোর উদ্বৃত্ত অর্থে পুনঃ অর্থায়ন তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকে ইসলামি ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার অতিরিক্ত অর্থ দিয়ে পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে পুনঃ অর্থায়ন তহবিল গঠন হয়েছে দুই হাজার কোটি টাকার। ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই পুনঃ অর্থায়ন তহবিল থেকে অর্থ নিয়ে বিনিয়োগ করতে পারবে।
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের আওতায় কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতের নতুন উদ্যোক্তারা এই পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণ নিতে পারবেন। সম্প্রতি এ-সংক্রান্ত একটি নির্দেশনা ইসলামি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
যোগাযোগ করা হলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ইসলামি ব্যাংকগুলোর জন্য শরিয়াহভিত্তিক উপাদান দেশে ছিল না। যে কারণে বিনিয়োগের সুযোগ হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু উপাদান কেন্দ্রীয় ব্যাংক তৈরি করেছে। এর মধ্যে উদ্বৃত্ত তারল্যের শরিয়াহভিত্তিক ব্যবহারের পদ্ধতিও এল, যা ইসলামি ব্যাংক ও দেশের মুদ্রাবাজারের জন্য ইতিবাচক হবে।
বিধান অনুসারে ব্যাংকগুলোকে তাদের আমানতের (তলবি ও মেয়াদি দায়) বিপরীতে বিধিবদ্ধ জমা (এসএলআর) সংরক্ষণ করতে হয়। প্রচলিত ধারার তফসিলি ব্যাংকগুলোর ক্ষেত্রে এই জমার হার ১৯ শতাংশ এবং ইসলামি ব্যাংকগুলোর ক্ষেত্রে তা সাড়ে ১১ শতাংশ। প্রচলিত ধারার ব্যাংকগুলো ১৯ শতাংশের মধ্যে সাড়ে ১২ শতাংশ সরকারি সিকিউরিটিজে সংরক্ষণ করে থাকে। যার বিপরীতে তারা সুদ আয় করে। আর বাকি সাড়ে ৬ শতাংশ সংরক্ষণ করে নগদে কেন্দ্রীয় ব্যাংকে। আর ইসলামি ব্যাংকগুলো যেহেতু সুদভিত্তিক লেনদেন করে না, তাই তারা সরকারি সিকিউরিটিজ কিনতে পারে না। ফলে তাদের সাড়ে ১১ শতাংশই রাখতে হয় নগদে বাংলাদেশ ব্যাংকে।
কোনো ব্যাংক নির্দিষ্ট হারে বিধিবদ্ধ জমা সংরক্ষণে ব্যর্থ হলে তাকে জরিমানা দিতে হয়। তলবি ও মেয়াদি দায় প্রতিদিনই ওঠানামা করে। এ কারণে প্রতিটি ব্যাংক আনুমানিক দায়ের চেয়ে বেশি অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখে। এ ক্ষেত্রে ইসলামি ব্যাংকগুলোর বিধিবদ্ধ তারল্যের বেশি অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা থাকে।
ইসলামি ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে তাদের এই অতিরিক্ত অর্থ ব্যবহারের মতো একটি শরিয়াহভিত্তিক সমাধান চেয়ে আসছিল। গত সেপ্টেম্বর মাসের মধ্যভাগে বাংলাদেশ ব্যাংক ইসলামি ব্যাংকগুলোর এই অর্থ দিয়ে শরিয়াহভিত্তিক পুনঃ অর্থায়ন তহবিলের নীতিমালা তৈরি করে।
এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, এই পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় ১৮ থেকে ৪৫ বছর বয়সী যেকোনো উদ্যোক্তা ঋণসুবিধা নিতে পারবেন। ঋণ দেওয়ার ক্ষেত্রে নারী উদ্যোক্তা, উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগ, আইসিটি খাত, আমদানি বিকল্প উদ্যোগ, রপ্তানিমুখী উদ্যোগ ও কারিগরি শিক্ষায় শিক্ষিত উদ্যোক্তাদের শিক্ষাসংশ্লিষ্ট উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে।
কৃষিভিত্তিক শিল্পে ঋণ দেওয়ার আগে প্রতিষ্ঠানটি বিভাগীয় সদর ও নারায়ণগঞ্জ শহরের বাইরে কি না, তা যাচাই করতে বলা হয়েছে। ভূমি ও ইমারত বাদ দিয়ে স্থায়ী সম্পদের পরিমাণ ১০ কোটি টাকা বা তার কম—এমন শ্রেণির ব্যক্তি এই খাতে ঋণ নিতে পারবেন। ক্ষুদ্র উদ্যোক্তা খাতের আওতায় ১০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।
নতুন উদ্যোক্তাকে জামানতবিহীন ১০ লাখ এবং জামানতসহ সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। মোট প্রকল্প ব্যয়ের ন্যূনতম ২০ শতাংশ বহন করতে হবে ওই উদ্যোক্তাকে।