ইসলামি ব্যাংকগুলোকে জঙ্গি অর্থায়নের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক
ইসলামি ব্যাংকগুলোকে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিং, জঙ্গি অর্থায়ন কিংবা ইসলামি ব্যাংকিং খাতের সুনাম ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না হতে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। গভর্নর আশা প্রকাশ করেন, বাংলাদেশের ইসলামি ব্যাংকিংব্যবস্থা তথা ইসলামি আর্থিক ব্যবস্থা গড়ে তোলা ও উন্নয়নের যে উদ্যোগ সম্প্রতি নেওয়া হয়েছে, ব্যাংকগুলো তা অগ্রসর করে নেবে।‘ইসলামি ব্যাংকিং’বিষয়ক এক আলোচনা সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর গতকাল বৃহস্পতিবার এই আশা প্রকাশ করেন বলে সূত্র জানায়। ডেপুটি গভর্নর নজরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ইসলামিক ফিন্যানশিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) মহাসচিব জসীম আহমেদ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন। গভর্নর ইসলামিক ফিন্যানশিয়াল সার্ভিসেস বোর্ডের মহাসচিব নির্বাচিত হওয়ায় জসীম আহমেদকে অভিনন্দন জানান। আইএফএসবির মহাসচিব পদে নির্বাচনে বাংলাদেশ ব্যাংকের মনোনীত প্রার্থী ছিলেন জসীম আহমেদ।ইসলামিক ব্যাংকিং ও অর্থায়নের ক্ষেত্রে শরিয়াহভিত্তিক মানদণ্ড নির্ধারণ সংস্থা হিসেবে আইএফএসবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রকৃতপক্ষে, ব্যাংকিংয়ের আন্তর্জাতিক মানসংক্রান্ত ‘ব্যাসেল কমিটি ফর ব্যাংকিং সুপারভিশন’, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইএসকো) এবং বিমা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স সুপারভাইজারস’— এই তিনটি আন্তর্জাতিক সংস্থার মিলিত কাজের ইসলামিক প্রতিরূপ তৈরির প্রচেষ্টা করছে আইএফএসবি। মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক এই সংস্থাটি ২০০৩ সালে গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে শরিয়াহিভত্তিক মানদণ্ড প্রণয়ন করেছে। মানদণ্ড প্রণয়নই শুধু নয়, পাশাপাশি ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকিং, বিমা ও সিকিউরিটিজ মার্কেট (শেয়ার ও ঋণ বাজার) প্রসারের লক্ষ্যেও আইএফএসবি নানা পদক্ষেপ ও প্রচেষ্টা নিয়েছে। প্রসঙ্গত, দেশের মোট ৪৭টি ব্যাংকের মধ্যে এখন সাতটি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হয়েছে। এর বাইরে নয়টি ব্যাংকের ইসলামি ব্যাংকিং শাখা এবং আটটি ব্যাংকের ইসলামি ব্যাংকিংবিষয়ক পৃথক কার্যক্রম রয়েছে। ব্যাংক খাতের মোট আমানতের ১৭ দশমিক ৮৩ শতাংশ এবং মোট ঋণ বা বিনিয়োগের ১৮ দশমিক ৪৫ শতাংশ এখন ইসলামি ব্যাংকিং খাতের অন্তর্ভুক্ত। মোট ব্যাংকিং সম্পদের ক্ষেত্রে এই হার ১৫ দশমিক ১১ শতাংশ। বাংলাদেশে ইসলামি ব্যাংকিংব্যবস্থা পরিচালনা ও প্রসারের জন্য বাংলাদেশ ব্যাংক ২০০৯ সালে ইসলামি ব্যাংকিংবিষয়ক দিকনির্দেশনা জারি করে।