ইসলামি ব্যাংকগুলোর জন্য পুনঃ অর্থায়ন তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি ব্যাংকগুলোর জন্য পুনঃ অর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ১০০ কোটি টাকার এই তহবিল থেকে অর্থ নিয়ে ইসলামি ব্যাংকগুলো মফস্বল এলাকাতে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ঋণ দিতে পারবে।

পুনঃ অর্থায়নের সুদ নির্ধারিত হবে ব্যাংকের আগের প্রান্তিকে ঘোষিত মুদারাবা সঞ্চয়ী হিসাবের সমান। আর ব্যাংকগুলো তাদের নিজস্ব নীতিমালার আলোকে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে।

বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা শরিয়াহ ভিত্তিতে পরিচালিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

এর আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাকে ১০ হাজার থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা যাবে। আর বিভাগীয় সদর ও নারায়ণগঞ্জ শহরের বাইরে অবস্থিত কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগের শতভাগ ঋণ বিতরণ করা যাবে। তবে এ ধরনের শিল্পে ভূমি ও ইমারত ছাড়া স্থায়ী সম্পদের সর্বোচ্চ পরিমাণ হবে ১০ কোটি টাকা।

ঋণ দেওয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংকগুলোর পুনঃ অর্থায়ন অনুমোদনের কপি, গ্রাহকের দেওয়া স্বীকৃতিপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগে জমা দিয়ে অর্থ নিতে হবে। তবে কোনো ব্যাংক যদি ভুল তথ্য দিয়ে কোনো প্রতিষ্ঠানকে ঋণ দেয়, তাহলে জরিমানা করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসএমই খাতের উন্নয়ন, প্রসার ও শিল্পায়নে ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর ভূমিকা আরও বৃদ্ধি করতে এই  তহবিল চালু করা হয়েছে।

তহবিল সহায়তা নিতে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সঙ্গে একটি চুক্তি করতে হবে।