প্রচলিত ধারার ব্যাংকগুলোর তুলনায় ইসলামি ব্যাংকিং ব্যবসা সব দিক থেকেই লাভজনক। ২০১৬ সালে যেখানে সাধারণ ব্যাংকিংয়ে প্রকৃত মুনাফার হার ছিল ১ দশমিক ৯ শতাংশ, সেখানে ইসলামি ব্যাংকিংয়ে মুনাফা ছিল ৩ দশমিক ৬ শতাংশ। ইসলামি ব্যাংকিংয়ে খেলাপি ঋণের হারও অনেক কম। প্রচলিত ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৯ দশমিক ২ শতাংশ, ইসলামি ব্যাংকিংয়ে এ হার ৪ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশে ক্রমেই বড় হচ্ছে ইসলামি ব্যাংকিং। দেশের ব্যাংকিং খাতের এখন প্রায় ২০ শতাংশ ইসলামি ব্যাংকিংয়ের নিয়ন্ত্রণে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ইসলামি ব্যাংকিং অপারেশনস অব ব্যাংকস’ শীর্ষক কর্মশালায় এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গতকাল বৃহস্পতিবার বিআইবিএম মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সেখানে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. আলমগীর।
প্রতিবেদনে বলা হয়, ইসলামি ব্যাংকগুলোর বড় চ্যালেঞ্জ হলো জঙ্গি অর্থায়নের অপপ্রচার। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যা বাংলাদেশের ইসলামি ব্যাংকিংয়ের বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এ ছাড়া ‘ইসলামি ব্যাংকিং আইন’ না থাকা, দক্ষ মানবসম্পদের অভাব এবং সেবার বহুমুখীকরণের অভাবে ইসলামি ব্যাংকিংয়ের প্রসার ঘটছে না। জঙ্গি অর্থায়নের অপপ্রচার সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যাংক কর্মকর্তাদের এ বিষয়ে শতভাগ স্বচ্ছতা এবং নীতিমালা মেনে চলতে হবে বলে প্রতিবেদনে বলা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ইসলামি ব্যাংকগুলোতে নারী কর্মীর সংখ্যা বাড়াতে হবে। ইসলামি ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিছু নির্দেশনা থাকলেও পূর্ণাঙ্গ কোনো আইন নেই। বিষয়টি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সারা বিশ্বে ইসলামি ব্যাংকের ৬০ শতাংশ গ্রাহকই অমুসলিম।
ইসলামি ব্যাংকিংয়ের পরামর্শক মো. আজিজুল হক বলেন, ব্যাংকগুলোকে পেশাদার আচরণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে ব্যাংকগুলো পেশাদার না হয়ে ধর্মভিত্তিক হয়ে যাচ্ছে, এটা ক্ষতিকর। যেসব ব্যাংকে শরিয়া কাউন্সিল শক্তিশালী নয়, সেখানে ইসলামি ব্যাংকের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা কঠিন।
পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বলেন, এত বছরেও ইসলামি ব্যাংকিংয়ে কোনো আইন নেই। এটা খুবই দুঃখজনক ঘটনা। ব্যাংক কোম্পানি আইনের আদলে ইসলামি ব্যাংকিং আইন করতে হবে, যাতে সব ব্যাংক এক প্ল্যাটফর্মের নিচে আসতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইয়াছিন আলী বলেন, ইসলামি ব্যাংকিংয়ে মূলত ধর্মীয় অনুভূতি নিয়ে ব্যাংকিং সেবা দেওয়া হয়। তবে অনেকে এ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে গ্রাহকদের ধোঁকা দিচ্ছে। এ ধরনের কার্যক্রম ইসলামি ব্যাংকিংয়ের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না। ইসলামি ব্যাংকিংয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের বেশ কিছু ব্যাংক ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু ব্যাংকগুলোর শরিয়া কাউন্সিলের সদস্যদের ইসলামি ব্যাংকিং বিষয়ে জ্ঞান ও দক্ষতা দুটোই কম।
দেশের ব্যাংকিং ব্যবস্থায় ইসলামি ব্যাংকের অবস্থান সম্পর্কে বিআইবিএমের প্রতিবেদন বলছে, বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় ১৯ দশমিক ৪ শতাংশ ইসলামি ব্যাংকিংয়ের নিয়ন্ত্রণে। বাংলাদেশ বিশ্বের ১০ নম্বরে অবস্থান করছে। যেখানে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে সুদান ও ইরান। তারা শতভাগ ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় চলছে। সৌদি আরবের অবস্থান চতুর্থ। যাদের ৫১ দশমিক ১ শতাংশ ইসলামি ব্যাংকিং।