ইসলামি সূচক চালু করবে সিএসই
ইসলামি ইনডেক্স (সূচক) চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ লক্ষ্যে এরই মধ্যে চারটি ইসলামি ব্যাংকের শেয়ারবাজারসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে এই সূচক গঠন করা হবে। এরই মধ্যে উপকমিটির সঙ্গে বৈঠক করেছেন সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।উপকমিটির সদস্যরা হলেন: সোস্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারবাজারসংশ্লিষ্ট কর্মকর্তারা।আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে উপকমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। কমিটিকে ইসলামি সূচক গঠনের বিষয়ে অবহিত করা হয়। এ ক্ষেত্রে প্রাথমিকভাবে ১৪টি কোম্পানি নিয়ে এই সূচক গঠনের প্রস্তাব দেওয়া হয়। তবে উপকমিটির পক্ষ থেকে আরও চিন্তাভাবনা করে এই সংখ্যা পরে নির্ধারণের জন্য অনুরোধ করা হয়। সিএসইতে তালিকাভুক্ত যেসব কোম্পানি শতভাগ ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত, কেবল সেসব কোম্পানি এই সূচকের আওতায় থাকতে পারে বলে উপকমিটি জানায়।সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা ইসলামি সূচক গঠনের সিদ্ধান্ত নিয়েছি। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করে ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত কোম্পানিগুলো নিয়ে এই সূচক গঠন করা হবে। এ ক্ষেত্রে একটি উপকমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’