ইসলামী ফাইন্যান্সের রাইট শেয়ার বরাদ্দে অনিয়মের অভিযোগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের বিরুদ্ধে রাইট শেয়ার বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন সাধারণ শেয়ারধারী সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে এ অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, কোম্পানিটি রাইট শেয়ার বরাদ্দের চিঠিসহ আনুষঙ্গিক কাগজপত্র শেয়ারধারীদের কাছে পৌঁছায়নি। সময়মতো কাগজপত্র না পেয়ে কোম্পানির শেয়ার বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাতেও কোনো সুফল পাওয়া যায়নি। ফলে শেয়ারধারীরা প্রাপ্য রাইট শেয়ারের জন্য টাকা জমা দিতে পারেননি। এতে তাঁরা আর্থিকভাবে লোকসানের শিকার হয়েছেন। ইসলামী ফাইন্যান্সের বিরুদ্ধে এই অভিযোগ খতিয়ে দেখতে গত বৃহস্পতিবার দুই সদস্যের কমিটি গঠন করেছে এসইসি। সংস্থাটির সহকারী পরিচালক ইকবাল হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্য হলেন সংস্থাটির সহকারী পরিচালক ওয়াহিদুল ইসলাম। পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে তাঁদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। ইসলামী ফাইন্যান্সের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয় গত ২০ জুলাই। বিদ্যমান প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ার কথা কোম্পানিটির। ৫০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের প্রস্তাবিত মূল্য ছিল ১৫০ টাকা। রাইট শেয়ারের জন্য মনোনীত শেয়ারধারী নির্ধারণের জন্য গত ১১ আগস্ট কোম্পানির রেকর্ড ডেট ছিল। আর রাইট শেয়ারের জন্য টাকা জমা দেওয়ার সময়সূচি ঠিক করা হয় ১৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যে অনেক শেয়ারধারীর কাছে কোনো চিঠি পৌঁছায়নি। তাঁদের সন্দেহ, প্রাপ্য রাইট শেয়ার থেকে তাঁদের বঞ্চিত করতেই ইচ্ছাকৃতভাবে এমনটি করা হয়েছে। কম দামে শেয়ার তুলে নিতেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। কারণ শেয়ারটির প্রস্তাবিত মূল্য মাত্র ১৫০ টাকা হলেও বাজারে তা ৮৫০ টাকা দরে লেনদেন হচ্ছে।