ইসলামী ব্যাংক এক মাসের বেতন দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া পাওনা আদায়ের দাবিতে আন্দোলনরত সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের শ্রমিকদের এক মাসের বেতনের সমান অর্থ দিতে রাজি হয়েছে ইসলামী ব্যাংক। তবে সোয়ান গ্রুপকে নতুন করে ঋণ হিসেবে নয়, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অধীনে ব্যাংকটি এই অর্থ দেবে।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার বিষয়টি মৌখিকভাবে সোয়ানের শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা সমাধানে গঠিত কমিটির আহ্বায়ক সৈয়দ আহম্মদকে জানিয়েছে। সৈয়দ আহম্মদ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক।
জানতে চাইলে সৈয়দ আহম্মদ গতকাল বিকেলে বলেন, ইসলামী ব্যাংক তাদের সিএসআর কার্যক্রম হিসেবে শ্রমিকদের এক মাসের বেতন দেওয়ার কথা মৌখিকভাবে জানিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তারা শ্রম মন্ত্রণালয়ে চিঠি দেবে। তখন মন্ত্রণালয় কার কাছে ব্যাংক টাকা হস্তান্তর করা হবে তা জানাবে। পুরো প্রক্রিয়া শেষ হতে তিন-চার দিন সময় লাগবে।
ব্যাংকের গণসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘ইসলামী ব্যাংক শ্রমিকদের এক মাসের বেতন দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই চিন্তাভাবনা করছে। তবে পুরো প্রক্রিয়াটি শেষ করতে কয়েক দিন সময় লাগবে। সেই তথ্য জানিয়ে আজ (গতকাল) ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শফিকুর রহমান কমিটির আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ করে সময় নিয়েছেন।’
এদিকে সোয়ানের শ্রমিক আন্দোলনের নেতৃত্বে থাকা নেতারা গতকাল বেলা তিনটায় অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি আগামী বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের এক মাসের বেতন দেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া সোয়ানের মালিকানা-সংক্রান্ত জটিলতার সমাধান হলে শ্রমিকদের বাকি পাওনা ও কারখানা খুলে দেওয়ার কথা বলেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, কার্যকরী সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন প্রমুখ। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেতন পরিশোধের আশ্বাস পাওয়ার পরিপ্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি চলবে কি না সেই বিষয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে জানানো হবে।
অন্যদিকে টানা ১৯ দিনের মতো গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সোয়ানের শ্রমিকেরা।