ইসলামী ব্যাংকগুলোতে ওয়াক্ফ খাতে রয়েছে ১০৪ কোটি টাকা
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল হামিদ মিঞা বলেছেন, ইসলামী ব্যাংকগুলোতে ওয়াক্ফ খাতে ১০৪ কোটি টাকা জমা পড়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকেই আছে ৮০ কোটি টাকা। ইসলামী ব্যাংকের ২৯ হাজার ৩৪১ গ্রাহক এ পরিমাণ টাকা ওয়াক্ফ খাতে দিয়েছে। এসব অর্থ দুস্থ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণে ব্যয় করা হচ্ছে।
ওয়াক্ফ বা উৎসর্গ দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। এ জন্য ‘আর্থসামাজিক উন্নয়নে ওয়াকফের পুনর্জাগরণ’ শীর্ষক একটি আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করা হয়েছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করেছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার ও রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকসহ আটটি পূর্ণাঙ্গ ইসলামি ধারার ব্যাংক রয়েছে। ইসলামি অর্থনীতির মূল লক্ষ্য মানবজীবনের সার্বিক কল্যাণ করা। এ জন্য বিশ্বব্যাপী জাকাত, সদকাহ, ওয়াক্ফ, কর্জে হাসানাসহ বিভিন্ন আর্থিক পণ্য চালু আছে। ইসলামী ব্যাংক ক্যাশ ওয়াক্ফ নামে এক পণ্য চালু করেছে। দেশের উন্নয়নে ওয়াক্ফ বড় ভূমিকা রাখতে পারে। এ জন্য আন্তর্জাতিক কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসলাম ধর্ম মতে, ব্যক্তিগত মালিকানা থেকে কোনো অর্থ বা সম্পদ উৎসর্গ করা হলে তাকে ওয়াক্ফ বলা হয়। বাংলাদেশে সরকারি ভাবে ওয়াক্ফ প্রশাসক এসব সম্পদ দেখভাল করে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগ ও ইসলামী ব্যাংকগুলোতেও ওয়াক্ফ তহবিল করেছে।
সংবাদ সম্মেলনে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম ও ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহবুব-উল আলম উপস্থিত ছিলেন।