ইসলামী ব্যাংকে আবারও পরিবর্তনের আভাস
ইসলামী ব্যাংকে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে বেসরকারি খাতের সবচেয়ে বড় এই ব্যাংকের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে, অন্যদিকে পরিচালনা পর্ষদের একজন প্রভাবশালী সদস্য তাঁর পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সামনে রেখেই এসব পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে। ২৩ মে ব্যাংকটির এজিএম ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে।
ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসে গত ৫ জানুয়ারি। এরপর থেকে ব্যাংকটিতে নানা পর্যায়ে অস্থিরতা দেখা যায়। এর মধ্যে ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রতিনিধি গত ৩০ মার্চ পরিচালনা পর্ষদের সভায় শেয়ার ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। তখন থেকে ব্যাংকটিতে আবারও মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিভিন্ন সূত্র বলছে, নতুন মালিকানায় বেক্সিমকো গ্রুপ ও একটি শীর্ষ আবাসন প্রতিষ্ঠানের নাম আসছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
যোগাযোগ করা হলে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের পক্ষে জনসংযোগ প্রতিষ্ঠান ইমপ্যাক্ট পিআর জানায়, বেক্সিমকো গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনছে না।
এর মধ্যেই গত বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘আমার ওপর সরে দাঁড়ানোর চাপ বৃদ্ধি পাচ্ছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদকে নিয়ে প্লাস-মাইনাসের ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই পরিচালনা পর্ষদ ও ভাইস চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমার সরে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। রাষ্ট্রবিরোধী এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যাংকের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দুর্নীতিগ্রস্ত কিছু সরকারি অফিসার।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসানুল আলম ২০১৬ সালের ৬ মে ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান। তারপর এ বছরের ৫ জানুয়ারি হঠাৎ ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ‘পদত্যাগ’ করলে তিনি নতুন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকটি পরিচালনা করছিলেন স্বতন্ত্র ওই পরিচালক। শাখায় শাখায় গিয়ে বিভিন্ন নির্দেশনাও দিয়ে আসছিলেন, যা নিয়ে অন্য পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলে জানা যায়।
জানতে চাইলে আহসানুল আলম প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার জন্য ব্যাংকটিতে পরিচালক হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে তাঁর কিছু দায়িত্ব ছিল। সাম্প্রতিক সময়ে কিছু লোকজন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ওই ব্যক্তিদের কারণে তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করতে পারছেন না। এ কারণে ব্যক্তিগতভাবে তিনি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের কথা তিনি ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন। কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে তিনি পদক্ষেপ নেবেন।
ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান এ নিয়ে গতকাল প্রথম আলোকে বলেন, ‘ওনার (আহসানুল আলম) কী হয়েছে, আমি কিছুই জানি না। শনিবার পর্ষদ সভা আছে, সেখানে কথা হবে।’
গত ৫ জানুয়ারি ব্যাংকটির বড় পরিবর্তনের পর কয়েকজন ডিএমডিসহ বিভিন্ন পর্যায়ে নতুন নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তি ছাড়াই শাখা পর্যায়েও নিয়োগ চলছে। ব্যাংকটির ঋণ বিতরণ নিয়েও প্রশ্ন তোলে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের প্রত্যাশিত লভ্যাংশ দিতে পারেনি। ২০১৬ সালে ব্যাংকটি মাত্র ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয়, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এর প্রভাব পড়ে ব্যাংকটির শেয়ারের দামে। ৫০ টাকার কাছাকাছি ওঠা শেয়ারের দাম লভ্যাংশ ঘোষণার পর ক্রমান্বয়ে কমে গত বৃহস্পতিবার হয় ৩২ টাকা ৪০ পয়সা।
এদিকে, বিদেশি উদ্যোক্তাদের না জানিয়েই ইসলামী ব্যাংকের পরিচালনায় পরিবর্তন করা হয়েছে বলে অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে জানায় আইডিবি। এই পরিবর্তনে উদ্বেগ জানিয়ে লেখা চিঠিতে বলা হয়, আইডিবিসহ সৌদি আরব, কুয়েতের উদ্যোক্তাদের ৫২ শতাংশ শেয়ার থাকার পরও ব্যাংকটির সিদ্ধান্তের ক্ষেত্রে তারা কোণঠাসা হয়ে পড়ছে।
সব মিলিয়ে ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অস্থিরতা আগামী এজিএম পর্যন্ত থাকবে বলেই ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।