ইসলামী ব্যাংকে আরও দুই স্বতন্ত্র পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংকে নতুন করে আরও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ হচ্ছে। ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেছিলেন, সে সভাতেই এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পরই তাঁরা যোগ দেবেন।
সূত্রমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের অধ্যাপক নাজমুল হাসানকে নতুন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। নতুন করে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের ফলে ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দাঁড়াবে ৯ জন। অপরদিকে শেয়ারহোল্ডারদের প্রতিনিধি পরিচালকও আছেন ৯ জন। পরিচালকদের পাশাপাশি পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব উপস্থিত থাকেন। বাংলাদেশের অন্য কোনো ব্যাংকে এত সংখ্যক স্বতন্ত্র পরিচালক ও এত বড় পরিচালনা পর্ষদ নেই। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে আছেন সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অধ্যাপক, ব্যাংকার ও সরকারি চাকুরে।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, প্রতিটি ব্যাংকে সর্বোচ্চ ২০ জন পরিচালক থাকার সুযোগ আছে। প্রতি সভায় অংশগ্রহণের জন্য পরিচালকদের ৮ হাজার টাকা সম্মানী দেওয়ার সুযোগ আছে। আর ইসলামী ব্যাংকের কোনো কোনো পরিচালক এর বাইরেও বাড়তি সুবিধা নিচ্ছেন বলে জানা গেছে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রথম আলোকে বলেন, পদ খালি হওয়ার পর নতুন দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর তাঁরা যোগ দেবেন।
এক প্রশ্নের জবাবে ব্যাংকের চেয়ারম্যান বলেন, অন্য ব্যাংকে ১১-১২ জনের বেশি পরিচালক নেই। তবে ইসলামী ব্যাংকের আকার বড় হওয়ায় এত বেশি পরিচালক নিয়োগ পাচ্ছেন। অর্ধেক স্বতন্ত্র পরিচালক নিয়োগের ফলে কোনো আইনেরও লঙ্ঘন হচ্ছে না।
৫ জানুয়ারি র্যাডিশন হোটেলে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আরমাডা স্পিনিং মিলের পক্ষে পরিচালক হিসেবে আরাস্তু খান যোগ দেন। এরপরই চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানের পদত্যাগপত্র উপস্থাপন করেন। এরপর তিনিও চেয়ারম্যান, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। এরপর পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান আযীযুল হকও। এরপরই আরাস্তু খানকে চেয়ারম্যান ও ইউনিয়ন ব্যাংকের এমডি আব্দুল হামিদ মিঞাকে নতুন এমডি এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কোম্পানি সচিব জাহিদুল কুদ্দুস মোহাম্মদ হাবিবুল্লাহকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন এমডি ব্যাংকে যোগ দিয়েই সব ডিএমডিসহ ২১৮ কর্মকর্তাকে বদলি করেন। এদিন কর্মকর্তাদের পদোন্নতির উদ্দেশে মৌখিক পরীক্ষাও শুরু হয়।
সূত্র জানায়, ব্যাংকটির কর্মকর্তাদের সুবিধা দিয়ে আস্থা ধরে রাখার চেষ্টা করছেন নতুন নেতৃত্ব। পদোন্নতি দেওয়ার লক্ষ্যে মৌখিক পরীক্ষা চলছে। আবার পরীক্ষা ছাড়াই অনেকের পদোন্নতিও হয়েছে। পাশাপাশি ব্যাংকটির কর্মীদের পাঁচটি বোনাস ইতিমধ্যে তাঁদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।