ইসলামী ব্যাংকে নতুন ডিএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক। নিয়োগ পেতে যাওয়া তাহের আহমেদ চৌধুরী নামের ওই কর্মকর্তা বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তাঁকে পদোন্নতি দিয়ে ডিএমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বর্তমানে তা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় আছে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান গত শনিবার প্রথম আলোকে বলেন, ব্যাংকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ কর্মকর্তার ঘাটতি রয়েছে। এ কারণে নতুন একজনকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
একই গ্রুপের মালিকানাধীন ব্যাংক থেকে কেন বারবার নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে আরাস্তু খান বলেন, ‘এটা সত্যি একই গ্রুপের ব্যাংক থেকেই অনেকে আসছেন। তবে আমরা তাঁর সাক্ষাৎকার নিয়েছি। তাঁর অভিজ্ঞতা আছে, এ জন্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।’
গত ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেন। একই সভায় কমার্স ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানকে নতুন চেয়ারম্যান, ইউনিয়ন ব্যাংকের এমডি আবদুল হামিদ মিঞাকে নতুন এমডি ও কোম্পানি সচিব হিসেবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কোম্পানি সচিব জাহিদুল কুদ্দুস মোহাম্মদ হাবিবুল্লাহকে নিয়োগ দেওয়া হয়। এ তিনটি ব্যাংকই চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের মালিকানাধীন। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম নিজে। এ ছাড়া ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান তাঁর ভাই শহীদুল আলম। এ ছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক এমডি এ এ এম জাকারিয়া বর্তমানে কমার্স ব্যাংকের পরিচালক। তিনি এস আলম গ্রুপের টেলিভিশন চ্যানেল রংধনু মিডিয়ারও ব্যবস্থাপনা পরিচালক। আবার কমার্স ব্যাংকের এমডি আর কিউ এম ফোরকান হলেন ইসলামী ব্যাংকের নতুন কোম্পানি সচিব ও ডিএমডি মোহাম্মদ হাবিবুল্লাহর ভাই।