ইসলামী ব্যাংকে পরিবর্তন স্বাভাবিক: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর গতকাল সোমবার সকালেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগ দিয়েছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিঞা। যোগদানের পর ব্যাংকটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিকে ইসলামী ব্যাংকের নেতৃত্ব পরিবর্তন সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ইসলামী ব্যাংকের যে পরিবর্তন হয়েছে, এটা স্বাভাবিক। চেয়ারম্যান পদত্যাগ করেছেন, পর্ষদ তা গ্রহণ করেছে। নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এমডি অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকও তাতে অনুমোদন দিয়েছে।
শুভঙ্কর সাহা বলেন, বিশেষ পরিস্থিতিতে এমডিদের সুরক্ষা দিতে একটা নীতিমালা করা হয়েছিল। পদত্যাগ করা এমডি যদি কোনো অভিযোগ করেন, তাহলে বিষয়টি দেখা হবে।
উল্লেখ্য, এক কার্যদিবসেই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়া মো. আবদুল হামিদ মিঞা আগে ইউনিয়ন ব্যাংকের এমডি হিসেবে কর্মরত ছিলেন। গতকাল দুপুরে সাংবাদিকেরা ব্যাংকটির প্রধান কার্যালয়ে গেলে তিনি দেখা করেননি।
রোববার ব্যাংকটির চেয়ারম্যান পদে যোগ দেওয়ার পর গতকাল সোমবার ব্যাংকে যাননি আরাস্তু খান। রাতে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, চেয়ারম্যান তো প্রতিদিন ব্যাংকে যাবে না। ব্যাংক স্বাভাবিক নিয়মে চলবে। ব্যাংকে আর কোনো পরিবর্তন আসবে না। শাখা ব্যবস্থাপক সম্মেলনে চলতি বছরের পরিকল্পনা জানানো হবে। ব্যাংকটিকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হবে। ব্যাংকটির আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হবে।
১২ ও ১৩ জানুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান ঘিরেই চলছে নানা পরিকল্পনা। পরিচালনা ও ব্যবস্থাপনা নেতৃত্বে পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের সাড়ে ১৩ হাজার কর্মকর্তা-কর্মচারী নতুন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। আর এ জন্য শাখা ব্যবস্থাপক সম্মেলনের দিকেই তাকিয়ে আছেন সবাই।
গতকাল প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়সহ পাঁচটি শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে টাকা উত্তোলনের একটা বাড়তি চাপ রয়েছে। জানা গেছে, ব্যাংকটিতে জরুরি ভিত্তিতে নতুন করে ১ হাজার ২৫০ জন প্রবেশনারি কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ৫ জানুয়ারির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। এবার নিয়োগে সব ধর্মের ও নারী-পুরুষের আবেদন করার সুযোগ রাখা হয়েছে। প্রয়োজনে বাইরের কোনো প্রতিষ্ঠানকে দিয়ে এ নিয়োগ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইসলামী ব্যাংকের শেয়ারের দাম গতকাল সোমবার ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৩০ টাকা ৫০ পয়সা। পরিবর্তনের পর প্রথম লেনদেন শেষে ৬০ পয়সা দাম বেড়ে ৩০ টাকা ৬০ পয়সা হয়েছিল।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেন। একই সভায় নির্ধারণ হয় নতুন নেতৃত্ব।
রদবদল
এমডি যোগদানের দিনই ব্যাংকটিতে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে। রাতে পাওয়া খবরে জানা যায়, ব্যাংকটির ছয়জন উপব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ ৩৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ডিএমডি আব্দুস সাদেক ভুঁইয়াকে আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগ থেকে বদলি করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে, মো. শামসুজ্জামানকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগ থেকে ব্যাংক পরিচালন বিভাগে, মনিরুল মওলাকে করপোরেট বিনিয়োগ বিভাগ-১ থেকে রিটেইল বিনিয়োগ বিভাগ, মোহন মিঞাকে করপোরেট বিনিয়োগ বিভাগ-২ থেকে ব্যাংক উন্নয়ন বিভাগ, মোহাম্মদ আলীকে বিনিয়োগ প্রশাসন বিভাগ থেকে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ, আবু রেজা মো. ইয়াহিয়াকে পর্ষদ সচিবালয় থেকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপককে বদলি করা হয়েছে। পাশাপাশি মানবসম্পদ, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের বেশ কয়েকজনকে অন্য বিভাগে বদলি করা হয়েছে।
ব্যাংকটির নতুন এমডি আবদুল হামিদ মিঞা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘কাজের মাধ্যমেই বোঝা যাবে ব্যাংকটি কোথায় নিয়ে যাচ্ছি। ব্যাংকে কর্মকর্তা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নিয়ে আমি কথা বলব না, এটা ফলাফলেই দেখা যাবে। বছরের প্রথম দিকে কিছুটা বদলির ঘটনা থাকেই। এটা স্বাভাবিক কার্যক্রমের অংশ।’