ইসলামী ব্যাংকে সরকার হস্তক্ষেপ করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংকের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। সেখানে সরকারের হস্তক্ষেপের কোনো কারণ নেই। আজ রোববার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক্‌-বাজেট আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

সৌদি আরবের জেদ্দায় ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে পাঁচ দিন পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন অর্থমন্ত্রী। ওই সভায় ইসলামী ব্যাংক নিয়ে কোনো কথা উঠেছিল কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না। কোনো কথা ওঠেনি।’

ইসলামী ব্যাংকের পর্ষদে পরিবর্তন এল, সরকার কোনো হস্তক্ষেপ করবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। ইসলামী ব্যাংকের পর্ষদে এখন মারামারি চলছে। সরকারের হস্তক্ষেপের কোনো কারণ নেই।’

আলোচনায় চেম্বারের পরিচালক সেলিম আক্তার জাহান দেশে সঞ্চয়পত্রের মুনাফার হার অনেক বেশি বলে প্রশ্ন তোলে বলেন, বিনিয়োগ করা যায় না—এমন অর্থই বিদেশে পাচার হচ্ছে। অর্থমন্ত্রী সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘পেনশনধারীদের কথা চিন্তা করে মুনাফার হার নির্ধারণ করা হয়। তবে সুদের হার যেখানে ৭ শতাংশ, সঞ্চয়পত্রের মুনাফার হার সেখানে ১১ শতাংশ। পার্থক্য ১ থেকে ২ শতাংশ থাকতে পারে।’ সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে এ বিষয়ক কমিটি আগামী বাজেট ঘোষণার পর বৈঠক করবেন বলে জানান অর্থমন্ত্রী।