ইসলামী ব্যাংকের আমানত ২৭৯৯৩ কোটি টাকা
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৯৩ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় চার হাজার ৫৫৯ কোটি টাকা বেশি।ইসলামী ব্যাংক আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত এক বছরে আমানতের ক্ষেত্রে তাদের প্রবৃদ্ধির হার ১৯ শতাংশ। একই সময়ে ব্যাংকটিতে বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৮ কোটি টাকা। যার প্রবৃদ্ধির হার ২৬ শতাংশ।এ ছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট বৈদেশিক বাণিজ্য ১০ হাজার ১০০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ২২২ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৩০ শতাংশ। এর মধ্যে আমদানি ১৬ হাজার ৯৫৬ কোটি টাকা, রপ্তানি ১০ হাজার ৫২২ কোটি টাকা ও রেমিটেন্স আহরণ হয়েছে ১৫ হাজার ৭৪৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধির হার যথাক্রমে ৫২, ৩৪ ও ১২ শতাংশ। ৪ অক্টোবর ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য প্রকাশ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহা. শামসুল হক, মো. হাবিবুর রহমান, মো. সেতাউর রহমান, মো. নূরুল ইসলাম ও ঢাকার উত্তর ও দক্ষিণ জোনের প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা।