ইসলামী ব্যাংকের পর কমার্স ব্যাংকেও বদল: অর্থমন্ত্রী

ইসলামী ব্যাংকের পর এবার বাংলাদেশ কমার্স ব্যাংকেও রদবদল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার সিলেটের লাক্কাতুরায় চা-শ্রমিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
২০১৬ সালের ১১ জানুয়ারি থেকে সরকারের সাবেক সচিব আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। গত বৃহস্পতিবার আরাস্তু খান পদত্যাগ করেন এবং নতুন পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। ওই দিন নতুন পরিচালক হিসেবে পর্ষদ সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি।
অর্থমন্ত্রীকে সাংবাদিকেরা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে রদবদলের পর আর কোনো ব্যাংকে পরিবর্তন আসবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকেও রদবদল করা হবে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি।
চা উৎপাদন নিয়ে আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে, যা আমাদের চাহিদার সমতুল্য। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে এই উৎপাদন টেকসই কি না। যদি টেকসই উৎপাদন হয়, তবে বিদেশ থেকে চা আমদানি করা হবে না।’
গতকাল দুপুরে অর্থমন্ত্রী তিন দিনের সফরে সিলেট এসেছেন। দুপুর সাড়ে ১২টায় তিনি বেসরকারি একটি বিমানে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে অর্থমন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। শেষে জেলার উন্নয়ন সভায় অংশ নিয়ে সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।