ইসলামী ব্যাংকের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
১৫ জানুয়ারি প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে আরও দুই স্বতন্ত্র পরিচালক’ শীর্ষক সংবাদের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি। ব্যাংকটি বলেছে, প্রতিবেদনে ইসলামী ব্যাংকের কোনো কোনো পরিচালক বাড়তি সুবিধা নিচ্ছেন বলে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সঠিক নয়। তা ছাড়া, ২১৮ কর্মকর্তার বদলি এবং পরীক্ষা ছাড়াই অনেকের পদোন্নতি বিষয়ে পরিবেশিত সংবাদও তথ্যনির্ভর নয়। এ বিষয়ে প্রকৃত তথ্য হলো, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতি এবং বদলি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার ও পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে অত্যন্ত সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রদান করা হয়। একই ভাবে প্রতিষ্ঠানের স্বার্থে নিয়মমাফিক কর্মকর্তাদের এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলি করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছরও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও বদলি প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের বক্তব্য
ইসলামী ব্যাংকের কিছু পরিচালক গাড়ি ও ব্যক্তিগত সহকারী সুবিধা নিয়েছেন। আগের পরিচালনা পর্ষদ কিছু পরিচালককে এ সুবিধা দিয়েছে বলে তথ্য রয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক যোগদানের দিনেই যেসব কর্মকর্তাকে বদলি করা হয়েছিল, তা-ই প্রতিবেদনে উল্লেখ করা হয়।