ইসিআর মেশিন আমদানিতে আগ্রহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন আমদানির জন্য আবার দরপত্র ডাকতে যাচ্ছে সরকার। আইন অনুযায়ী বড়, মাঝারি ও ছোট—সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানেই ইসিআর মেশিন থাকা বাধ্যতামূলক। কিন্তু যে পরিমাণ মেশিনের চাহিদা রয়েছে, সে পরিমাণ মেশিন দেশে নেই।

বিশ্বজুড়েই মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আদায়ের অন্যতম যন্ত্র হিসেবে বিবেচনা করা হয় ইসিআর মেশিনকে। এ মেশিন ব্যবহারে ভ্যাট ফাঁকি দেওয়া যায় না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনলাইন প্রকল্প ১০ হাজার ইসিআর মেশিন আমদানির জন্য গত ফেব্রুয়ারিতে দরপত্র ডাকে। প্রায় এক মাস পর ১২ মার্চ সেই দরপত্রের সংশোধনও করা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, দরপত্রে অংশ নিতে ২৪টি ফরম বিক্রি হলেও দাখিল করে মাত্র দুজন। এর মধ্যে একজন ১০০ কোটি টাকা, আরেকজন ২৫ কোটি টাকা দর দেয়। যাচাই-বাছাইয়ে ভ্যাট অনলাইন কর্তৃপক্ষ একটিকেও বিবেচনা করেনি।

জানতে চাইলে ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক রেজাউল হাসান গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘আগামী ঈদের পরে আবার দরপত্র ডাকা হবে।’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বছরের বাজেট বক্তব্যেই বলেছিলেন, ‘জেলা শহরের বাইরে অবস্থিত বড় রিসোর্ট, হোটেল ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইসিআর বা পিওএস-সংক্রান্ত আদেশ সংশোধনের প্রস্তাব করছি। কী উপায়ে এ যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাবে, সে বিষয়ে ভাবনা হচ্ছে যে এই যন্ত্রটিকে সরকার সংগ্রহ করে ক্রয়মূল্যেই সরবরাহ করবে।’

এরপর বছর পার হতে চলল। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ইসিআর মেশিন আমদানিতে ১০০ কোটি টাকা বরাদ্দও দিল। কিন্তু এনবিআর মেশিন আর আমদানি করতে পারেনি। সরকারের ঘোষণা ঠিক থাকলে আর এক সপ্তাহ পর অর্থাৎ ১ জুলাই থেকে একই হারে (১৫%) ভ্যাট আদায় করতে হবে।

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ভ্যাট থেকে সরকারের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯১ হাজার ২৫৪ কোটি টাকা। এ অঙ্ক চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ৬৮ হাজার ৬৭৫ কোটি টাকা থেকে ২২ হাজার ৫৭৯ কোটি টাকা বা ৩৩ শতাংশ বেশি। এত ভ্যাট সংগ্রহের জন্য ইসিআর বা পয়েন্ট অব সেলস (পিওএস) সফটওয়্যার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভ্যাট অনলাইন প্রকল্প ইসিআর ও পিওএসকে একত্রে বলছে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি)।

ইসিআর ব্যবহার বাধ্যতামূলক করে সাবেক তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ১৫ মে এনবিআর আদেশ জারি করে। ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকরের কথা বলা হয়। অর্থাৎ বিদ্যমান আইনেও ইসিআর বাধ্যতামূলক।

যে ১১টি খাতে ইসিআর বাধ্যতামূলক, সেগুলো হচ্ছে হোটেল; রেস্তোরাঁ; মিষ্টান্নভান্ডার; আসবাবের বিপণনকেন্দ্র; বিউটি পারলার; কমিউনিটি সেন্টার; মেট্রোপলিটন এলাকার অভিজাত শপিং সেন্টারের সব ব্যবসায়ী প্রতিষ্ঠান; ডিপার্টমেন্টাল স্টোর; জেনারেল স্টোর; অন্যান্য বড়, মাঝারি, পাইকারি ও খুচরা প্রতিষ্ঠান; স্বর্ণকার ও রৌপ্যকার, স্বর্ণ ও রৌপ্যের দোকানদার এবং এগুলোর পাকাকারী। নতুন ভ্যাট আইনের আওতায় খাত আর নির্দিষ্ট থাকছে না বলে জানা গেছে।

দেশে বর্তমানে ১৬ হাজার থেকে ৬৩ হাজার টাকা মূল্যমানের ইসিআর মেশিনও রয়েছে। এর মধ্যে ক্যাসিও টিই-এম ৮০ ইসিআর মেশিনের দাম ১৬ হাজার টাকা। একই ব্র্যান্ডের এসইএস ১০-এর দাম ১৮ হাজার টাকা। এ ছাড়া স্যাম ৪ এসএসপিএস ইসিআর মেশিনের দাম ৬৩ হাজার টাকা। এটলাস সিআর ৬৮১ এফ ইসিআর ২৭ হাজার টাকা এবং প্যাসওয়া এ ৫১ বিএফ ইসিআরের দাম ২২ হাজার টাকা।

সরকারের ঘোষণা যেহেতু বিদেশ থেকে কেনা দামে ব্যবসায়ীদের মেশিন দেওয়া হবে, কেউ যদি ঢাকার বাজার থেকেও কেনেন, তিনিও ওই সুবিধা পাবেন বলে জানান রেজাউল হাসান।

এনবিআর সূত্রে জানা গেছে, সনাতনপদ্ধতিতে ব্যবসা শনাক্তকরণ নম্বরধারী (বিআইএন) রয়েছেন ৮ লাখ ৪০ হাজারের মতো। নতুন ভ্যাট আইনের আওতায় এ সংখ্যা থাকছে না। ১৯ জুন পর্যন্ত নতুন পদ্ধতির আওতায় বিআইএনধারী ৪৩ হাজার ২৪৪ জন, যা প্রতিদিনই বাড়ছে।

রেজাউল হাসান উদাহরণ দিয়ে বলেন, ‘একটি গ্রুপের ৩০টি প্রতিষ্ঠান ছিল। প্রত্যেকেরই বিআইএন ছিল আলাদা। এখন হবে পুরো গ্রুপের জন্য একটা বিআইএন। তবে আগামী এক বছরে বিআইএনধারী ৫ লাখ হবে বলে আশা করছি।’