ইসিপিভিসিএলের জন্য তহবিল সংগ্রহ করবে আইডিএলসি-ইডকল
কনফিডেন্স ও এনার্জিপ্যাক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইসিভিপি চট্টগ্রাম লিমিটেড (ইসিপিভিসিএল) চট্টগ্রামে ১০৮ মেগাওয়াট এইচএফওভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে।এ জন্য প্রয়োজনীয় সাড়ে চার কোটি ডলারের অর্থসংস্থানের জন্য আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে (ইডকল) যৌথ তহবিল সংগ্রাহক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ইসিপিভিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান করিম, ইডকলের নির্বাহী পরিচালক ইসলাম শরিফ এবং আইডিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।কনফিডেন্স সিমেন্টের চেয়ারম্যান রেজাউল করিম, এনার্জিপ্যাক পাওয়ারের পরিচালক রেজওয়ানুল কবির, আইডিএলসির করপোরেট প্রধান এম জামাল উদ্দিন, স্ট্রাকচারড ফাইন্যান্স প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ, ইডকলের পরিচালক নাজমুল হকসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চট্টগ্রামের পতেঙ্গায় নয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার বা স্থানীয় মুদ্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প স্থাপন করা হচ্ছে। এটি ২০১২ সালের নভেম্বর থেকে কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।