ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ গত বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ভালো মানের বাস নামানো হচ্ছে। শিগগিরই তিন হাজার উন্নতমানের বাস ঢাকা শহরে নামানো হবে। যার এক হাজারটি হবে শীততাপনিয়ন্ত্রিত। এতে নগরবাসীর যাতায়াতের দুর্ভোগ এবং যানজটের মাত্রা অনেকটাই কমে আসবে। শহরের রাস্তায় কোনো আবর্জনা থাকবে না বলেও ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের প্রায় ১ হাজার ৩০০ নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, কোষাধ্যক্ষ, ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপারসন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।