ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পোস্টার প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ক্লাব আয়োজন করেছে পোস্টার প্রদর্শনীর। এর বিষয় হচ্ছে, ‘পরিবেশ দূষণ এবং এর প্রতিকারে ঔষধ উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা’। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাশেদা কে চৌধুরী বলেন, ‘পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি এখন খুব জরুরি হয়ে পড়েছে। যেসব জনগোষ্ঠী গ্রাম পর্যায়ে আছে, তাদের মধ্যে এই সচেনতা গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণের যথেষ্ট গুরুত্ব রয়েছে।’বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মুনিরুদ্দিন আহমদ বলেন, ওষুধ তৈরি হয় জীবন রক্ষার জন্য। কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে মানুষের মৃত্যু হয়। এ ছাড়া অব্যবহূত ও ফেলে দেওয়া ওষুধ পরিবেশ দূষণে সহায়তা করে। এসব ওষুধের ব্যবস্থাপনা কীভাবে হবে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই।আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শরীফ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন চৌধুরী ফয়েজ হোসেন ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সুফিয়া ইসলাম।