ইস্টার্ন হাউজিং ও ফাইন ফুডসের শেয়ার লেনদেন আবারও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক দাম বাড়ার অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেডের লেনদেন আজ মঙ্গলবার স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে ফাইন ফুডস লিমিটেডের শেয়ার লেনদেনও কিছু সময়ের জন্য বন্ধ রাখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।ডিএসই সূত্র জানায়, ডিএসইর এক প্রশ্নের জবাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, তাদের কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই। তার পরও শেয়ারটির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বেলা ১১টা ১৭ মিনিটে এর লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এক মাস আগে শেয়ারটি ৬৫০ থেকে ৭০০ টাকায় লেনদেন হতো। গত বৃহস্পতিবার শেয়ারটি সর্বোচ্চ এক হাজার ৩৯৯ টাকায় লেনদেন হয়। আজ শেয়ারটির লেনদেন হয় ১৩২০-১৪৩০ টাকায়। এদিকে ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ফাইন ফুডস লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক মূল্য বেড়ে যাওয়ার ব্যাপারে ডিএসই গত ২২ আগস্ট প্রতিষ্ঠানটিকে শোকজ নোটিশ করে। এর জবাবে প্রতিষ্ঠানটির কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য না থাকার কথা জানায়। এর পরও প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় শেয়ারের লেনদেন ১৫ মিনিট বন্ধ রাখা হয়। একই সঙ্গে ডিএসই বিনিয়োগকারীদের এই প্রতিষ্ঠানে বিনিয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত চলছে বলে ডিএসই জানায়। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার আজ ৮৫ থেকে ৯১ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়।