ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন ১৫ মিনিট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিকভাবে দাম বাড়ার অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন ১৫ মিনিটের জন্য স্থগিত রাখা হয়। গতকাল সোমবার সকাল ১১টা ১২ মিনিট থেকে ১১টা ২৭ মিনিট পর্যন্ত শেয়ারটির লেনদেন বন্ধ রাখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিএসই বলছে, কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য না থাকার কথা জানানোর পরও শেয়ারটির দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এ কারণেই শেয়ারটির লেনদেন স্বল্প সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারা, যাতে শেয়ারটি লেনদেনের ব্যাপারে সাধারণ বিনিয়োগকারীরা সাবধানতা অবলম্বন করেন। এর আগে গত রোববার অনুসন্ধানের জবাব দিতে দেরি হওয়ায় কেয়া কসমেটিকস ও কেয়া ডিটারজেন্টের শেয়ার লেনদেন ১৬ মিনিটের জন্য স্থগিত করেছিল ডিএসই। বাজার-সংশ্লিষ্টরা জানান, ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দাম গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে অব্যাহতভাবে বাড়ছে। এক মাসেরও কম সময়ে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এক মাস আগেও শেয়ারটি ৬৫০ থেকে ৭০০ টাকায় লেনদেন হতো। অথচ গত বৃহস্পতিবার একপর্যায়ে শেয়ারটি সর্বোচ্চ এক হাজার ৩৯৯ টাকায় লেনদেন হতে দেখা গেছে। এভাবে দাম বাড়ার পেছনে যৌক্তিক কোনো কারণ রয়েছে কি না, কোম্পানির কাছে তা জানতে চেয়ে ওই সময় চিঠি দেয় ডিএসই। এর জবাবে গত ১৮ আগস্ট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের বাড়ার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের কথা তাদের জানা নেই। এর এক দিন পরই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দাম বাড়ার কারণ তদন্তের নির্দেশ দেয় ডিএসইকে। একই সঙ্গে ৩১ আগস্টের মধ্যে তদন্ত সম্পন্ন করে এসইসির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এই নির্দেশের পরের দুই লেনদেন দিবসে শেয়ারটির দাম কিছুটা কমলেও গতকাল দিনের শুরুতেই তা আবার বাড়তে শুরু করে। এ দিন ডিএসইতে শেয়ারটির প্রথম লেনদেন হয় এক হাজার ২৭৭ টাকা দামে, আগের দিনের সমাপনী মূল্যের চেয়ে ৪১ টাকা বেশি। পরবর্তী সময়ে দাম আরও বাড়তে থাকলে লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেয় ডিএসই। একই সঙ্গে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ারও অনুরোধ জানায়। কিন্তু এতে খুব একটা কাজ হয়নি। দিন শেষে শেয়ারটির দাম এক হাজার ৩৩০ টাকা পর্যন্ত ওঠে, যা আগের দিনের চেয়ে ৯৪ টাকা বেশি। এ হিসেবে শেয়ারটির মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে ১০২ পয়েন্ট, বিনিয়োগের জন্য যা বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। এদিকে গত রোববার লেনদেন স্থগিত থাকা কেয়া কসমেটিকস ও কেয়া ডিটারজেন্টের শেয়ার লেনদেন গতকাল থেকে আবার শুরু হয়েছে। আর এই দিন দুটি শেয়ারেরই দাম বেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের দুই কোম্পনির শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে আট টাকা ৩০ পয়সা ও তিন টাকা ৫০ পয়সা।