ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির তদন্ত হবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ সংক্রান্ত নির্দেশ দিয়েছে। এতে ৩১ আগস্টের মধ্যে তদন্ত সম্পন্ন করে এসইসির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এসইসি বলছে, কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো অস্বাভাবিকতা বা কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্যই ডিএসইকে এ নির্দেশ দেওয়া হয়েছে।ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দাম গত জুলাই মাসের মাঝামাঝি থেকে অব্যাহতভাবে বাড়ছে। এক মাসেরও কম সময়ে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এক মাস আগেও শেয়ারটি ৬৫০ থেকে ৭০০ টাকায় লেনদেন হতো। অথচ গতকাল একপর্যায়ে শেয়ারটি সর্বোচ্চ এক হাজার ৩৯৯ টাকায় লেনদেন হতে দেখা গেছে। এর মধ্যে গত মঙ্গল ও বুধবার পরপর দুই দিন শেয়ারটি যথাক্রমে ১২৩ টাকা ও ১৪৩ টাকা পর্যন্ত বেড়েছে।শেয়ারটির দাম বাড়ার প্রবণতা সাধারণ বিনিয়োগকারীদের এমনভাবে প্রভাবিত করে যে একপর্যায়ে বিক্রেতারা আরও দাম বাড়ার আশায় বিক্রি বন্ধ করে দেন।এভাবে দাম বাড়ার পেছনে যৌক্তিক কোনো কারণ রয়েছে কি না, কোম্পানির কাছে তা জানতে চেয়েছিল ডিএসই। কিন্তু কোম্পানি কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্যের কথা জানাতে পারেনি।ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯ জুলাই ইস্টার্ন হাউজিংয়ের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৭০০ টাকার মতো। আর গতকাল শেয়ারটি বেশির ভাগ সময় এক হাজার ৩০০ টাকার ঘরে লেনদেন হয়েছে। আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের পরিশোধিত মূলধন ৬২ কোটি টাকা। গত ১০ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সর্বোচ্চ আয় বা ইপিএস দেখানো হয়েছে মাত্র ১৮ টাকা। কোনো বছরই ১৫ শতাংশের বেশি লভ্যাংশ দেওয়ার রেকর্ড নেই। সর্বশেষ হিসাব বছর অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) মাত্র ১৫৩ টাকা।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আর্থিক ভিত্তি খুব আকর্ষণীয় কিছু না হলেও বিভিন্ন ধরনের গুজব রয়েছে কোম্পানিটিকে ঘিরে। একটি সংঘবদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব গুজব ছড়িয়ে কৃত্রিমভাবে শেয়ারটির দাম বাড়াচ্ছে।