ইস্পাত খাতে জ্বালানির অপচয় রোধের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ইস্পাত খাতে জ্বালানির অপচয় রোধের তাগিদ এসেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায়। এতে বক্তারা বলেছেন, অপচয় রোধ হলে ব্যবসায়ের ব্যয় কমবে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে।

রাজধানীর মতিঝিলে গত শনিবার ‘ইস্পাত খাতে দক্ষ জ্বালানি ব্যবহারের মাধ্যমে দূষণমুক্ত উৎপাদন ব্যবস্থা নিশ্চিতকরণ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিসিসিআই ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত মেটাবিল্ড প্রকল্পের আওতায় এর আয়োজন করে।

ঢাকা চেম্বারের পরিচালক আকবর হাকিম বলেন, দেশের তৈরি পোশাক, বস্ত্র, সিমেন্ট, প্লাস্টিক পণ্য, সিরামিক, সার এবং ইস্পাত ইত্যাদি শিল্প খাতে এখন পর্যন্ত প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়নি। চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হলে দেশের অর্থনীতির ধারা বেগবান হবে। তিনি বলেন, ‘আমাদের জন্য জ্বালানি অফুরন্ত নয়, বরং ভবিষ্যতে জ্বালানির উচ্চমূল্যের কারণে শিল্প উৎপাদনে ব্যয় বাড়তে পারে। এতে আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা হারানোর আশঙ্কা রয়েছে।’ তিনি এ বাস্তবতার আলোকে শিল্প খাতে জ্বালানি, রাসায়নিক ও পানি ব্যবহারের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন।

মেটাবিল্ড প্রকল্পের ব্যবস্থাপক এ এস এম আসাদুজ্জামান পাটোয়ারি অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা ও জ্বালানি ব্যবহারের দক্ষতা অর্থনীতির ক্রমবিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না হলে দ্রুত শিল্পায়ন সম্ভব হবে না। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জ্বালানি সীমাবদ্ধতার কথা বিবেচনা করে আমাদের অবশ্যই দক্ষ জ্বালানি ব্যবহারের মাধ্যমে ইস্পাত খাতের দূষণমুক্ত উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আফতাব জাভেদ, বাংলাদেশ ইলেকট্রিক্যাল কেব্‌ল ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ অটো রিরোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. শহীদুল্লাহ বক্তব্য দেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের সুইচ এশিয়া প্রোগ্রামের কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্ক এক্সপার্ট উই উইবার ও সিলভিয়া সারটোরি এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা চেম্বার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিসোর্স এফিশিয়েন্ট ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) উৎসে কাঁচামালের অপচয় কমিয়ে শিল্পপ্রতিষ্ঠানে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব কার্যক্রম বৃদ্ধি করে। এই প্রক্রিয়া কাঁচামাল আহরণ থেকে শুরু করে চূড়ান্ত উৎপাদন পর্যন্ত অপচয়ের উৎস শনাক্ত করতে এবং অপচয় রোধে সহায়তা করে।