ইস্পাতশিল্পের পৃথক এলাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাঙা শিল্প রক্ষায় দ্রুত নীতিমালা ও বিধিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে। পাশাপাশি লোহা ও ইস্পাতশিল্পের জন্য একটি পৃথক শিল্প এলাকা গঠনেরও দাবি তোলা হয়েছে।গতকাল বুধবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘লৌহ ও ইস্পাতশিল্পের সমস্যা এবং সমাধান: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে এসব দাবি জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এতে তিনি বলেন, লোহা ও ইস্পাতশিল্পের কাঁচামাল সহজপ্রাপ্য করতে সরকার পরিবেশবান্ধব জাহাজভাঙা ও জাহাজ রিসাইক্লিং শিল্পের প্রসারে সহায়তা দেবে। তিনি এ ক্ষেত্রে পরিবেশবাদী সংগঠন, জাহাজভাঙা শিল্প মালিক, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহায়তা কামনা করেন। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের মিলনায়তনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বিশেষ অতিথি ছিলেন।হাছান মাহমুদ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জাহাজভাঙাবিষয়ক পরিবেশ বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। তিনি পরিবেশবান্ধব জাহাজভাঙাবিষয়ক একটি সমন্বিত নীতিমালা প্রণয়নে শিল্প মন্ত্রণালয়কে সর্বাত্মক সহায়তার কথা জানান। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, পরিচালক মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিমসহ অন্য নেতারা বক্তব্য দেন। সেমিনারে পৃথকভাবে দুটি বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্টিল মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের পরামর্শক মো. বশির উল্লাহ এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের কারিগরি পরামর্শক ক্যাপ্টেন সালাহ্ উদ্দিন আহমেদ।সেমিনারে বক্তারা বলেন, দেশের শতাধিক স্টিল ও চার শতাধিক রি-রোলিং মিল কাঁচামালের জন্য জাহাজভাঙা শিল্পের ওপর নির্ভর করছে। আইনি জটিলতার কারণে জাহাজ কাটা বন্ধ থাকায় দেশের রডের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে বলে তাঁরা উল্লেখ করেন।