ইস্পাতের ভবন জনপ্রিয় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ইস্পাতের বা স্টিলের তৈরি ভবনের (প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং) জনপ্রিয়তা বাড়ছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এখন ইস্পাতের কারখানা ভবন তৈরি করছে। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষও এ ভবন ব্যবহার করছে। ফলে বাণিজ্যিকভাবে ইস্পাতের ভবন তৈরি একটি নতুন শিল্প খাত হিসেবে গড়ে উঠেছে।মূলত ধসে পড়ার ঝুঁকি কম থাকা, অল্প টাকা ও কম সময়ে এ ভবন নির্মাণ করা এবং প্রয়োজনে স্ক্র্যাপ হিসেবেও এ ভবন বিক্রি করাসহ বেশ কয়েকটি কারণে এর জনপ্রিয়তা বাড়ছে।ইস্পাতের ভবন নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, ১৯৮৫ সাল থেকে দেশে ইস্পাতের ভবন তৈরি শুরু হয়। প্রথম দিকে আমদানি করা ভবন দেশে স্থাপন করা হতো। তখন এ ভবনের বিভিন্ন কাঠামো ও উপকরণ আলাদা আমদানি করে এনে দেশে জোড়া দিয়ে ভবন সম্পন্ন করা হতো। ২০০১ সাল থেকে দেশীয় উদ্যোক্তারাই স্টিলের ভবন তৈরি শুরু করেন। এখন দেশে তৈরি ইস্পাতের ভবন রপ্তানিও হচ্ছে। তবে ভবন আমদানি বা রপ্তানি বলতে এর বিভিন্ন কাঠামো ও উপকরণ আলাদা আমদানি বা রপ্তানির পর সংযোজন করে ভবনে রূপ দেওয়াকেই বোঝানো হয়। স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সদস্যসংখ্যা ২৪। সংগঠনটির দাবি, দেশে এ খাতে বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি। বর্তমানে এ খাতে দুই হাজার প্রকৌশলী আর প্রত্যক্ষ-পরোক্ষভাবে দুই লাখ শ্রমিক কাজ করছেন। আরও শ খানেক প্রতিষ্ঠান এ খাতে বিনিয়োগ করেছে। দেশে বছরে দুই হাজার কোটি টাকার স্টিলের ভবনের চাহিদা রয়েছে। এর ৮০ থেকে ৯০ শতাংশই পূরণ করছেন দেশীয় উদ্যোক্তারা। বাকিটা আমদানি হচ্ছে।দেশে তিন ধরনের ইস্পাতের ভবন তৈরি হচ্ছে। এগুলো হলো পুরোটাই ইস্পাতের তৈরি; অন্যটার ইট-সিমেন্টের ভিত্তি, কিন্তু ছাদ ইস্পাতের; আরেকটি ধরন হলো চারপাশে কাচ আচ্ছাদিত, ছাদ ইস্পাতের।এ ভবন তৈরির কারখানাগুলো মূলত গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, মানিকগঞ্জ ও সাভারে অবস্থিত। উদ্যোক্তারা বলছেন, এসব কারখানায় পিলার (কলাম), বিম (ফ্লোরের ভিত্তি), রাফটার (যে বিমটা একটু বাঁকানো থাকে), পার্লিং (রাফটারের ওপর লাগানো হয়), স্টিলের শিট (পার্লিংয়ের ওপরে লাগানো হয়) এসব কাঠামো ও উপকরণ তৈরি হয়। তারপর যেখানে ভবনটি নির্মাণ করা হবে, সেখানে এসব নিয়ে গিয়ে শুধু সংযোজন করা হয়।ধসে পড়ার ঝুঁকি কম: স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ধরনের ভবন ধসে পড়ার আশঙ্কা খুব কম। অতিরিক্ত ভারে এটি বেঁকে যায়। পরবর্তী সময়ে হেলে পড়তে পারে। এ ক্ষেত্রেও লোকবল এবং সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।উদ্যোক্তারা বলছেন, পাকা ভবন তৈরিতে যত সময় লাগে, তার এক-চতুর্থাংশ সময়ে এ ভবন তৈরি করা যায়। ভার বহনের জন্য পাকা ভবনের মতো কাছাকাছি স্তম্ভ দিতে হয় না বলে ভারী যন্ত্রপাতি বসানোর জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায়। এ ছাড়া চাইলে পরবর্তী সময়ে স্ক্র্যাপ অর্থাৎ কাঠামোগুলো খুলে বিক্রিও করে দেওয়া যায়। রপ্তানিচিত্র: গত পাঁচ বছরে এ দেশ থেকে পাঁচ কোটি ডলার মূল্যের ইস্পাতের তৈরি ভবন রপ্তানি হয়েছে। কারখানায় তৈরি ভবনটির বিভিন্ন কাঠামো ও সরঞ্জাম রপ্তানি করা হয়। এ পর্যন্ত বেশি ইস্পাতের স্টিলের ভবন রপ্তানি করেছে পিইবি স্টিল অ্যালায়েন্স। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নেওয়াজ খান প্রথম আলোকে বলেন, ২০১১ সালে কয়েক ধাপে পাকিস্তানে দুই কোটি ৮০ লাখ ডলারের ইস্পাতের ভবন রপ্তানি হয়েছে। সরকার স্টিলের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, বর্তমানে সুদানে ১১ লাখ ডলারে স্টিলের ভবন রপ্তানি হচ্ছে। তিনটি ধাপে ইতিমধ্যে জাহাজীকরণ হয়েছে। মে মাসে বাকি ভবন চলে যাবে। তিনি এর আগে পাকিস্তান, সুদান, ভারত ও আবুধাবিতে স্টিলের ভবন রপ্তানি করেছেন।শুল্ক বৈষম্য: আগে দশমিক ৪ মিলিমিটার কিংবা তার চেয়ে পুরু স্টিল শিট ১২ শতাংশ শুল্ক দিয়ে আমদানি করা যেত। চলতি অর্থবছরের বাজেটে সুবিধা থেকে বাদ দেওয়া হয়।উদ্যোক্তারা বলছেন, এ শিট আমদানিতে এখন ২৫ শতাংশ শুল্কসহ ৬২ শতাংশ শুল্ককর দিতে হচ্ছে। অন্যদিকে সম্পূর্ণ তৈরি ইস্পাত ভবন আমদানিতে মাত্র ১২ শতাংশ শুল্ক দিতে হয়। সে কারণে দেশীয় এ শিল্পটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় সমিতি গত বছরের ১৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিষয়টি জানালে এনবিআর বাংলাদেশ ট্যারিফ কমিশনকে তা খতিয়ে দেখতে বলে। কমিশন এনবিআরের কাছে যে প্রতিবেদন দেয় তাতে দশমিক ৪ মিলিমিটার কিংবা তার চেয়ে পুরু স্টিল শিট ১২ শতাংশ শুল্কে আমদানির সুযোগ দেওয়া এবং সম্পূর্ণ ইস্পাত ভবন আমদানিতে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার সুপারিশ করে। কিন্তু এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি।জাহিদুল ইসলাম বলেন, এ বাড়তি শুল্কারোপের ফলে এখন পাকা ভবন আর ইস্পাতের ভবনের নির্মাণ ব্যয় প্রায় সমান হয়ে গেছে। এ শুল্ক তুলে দিলে পাকা ভবনের চেয়ে ২০ শতাংশ কম খরচে ইস্পাতের ভবন নির্মাণ করা যাবে।আবার চলতি বাজেটে নতুন এইচএসকোডের আওতায় দশমিক ৬ মিলিমিটার বা তার চেয়ে পুরু শিট ১২ শতাংশ শুল্কে আমদানির সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এ স্টিলশিট আমদানির পর খালাসে চট্টগ্রাম বন্দরে হয়রানির শিকার হচ্ছেন আমদানিকারকেরা। বিষয়টি জানিয়ে গত ২৮ এপ্রিল এনবিআর চেয়ারম্যানের কাছে চিঠিও দিয়েছে সমিতি।