ইয়াংওয়ান চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম জুতার কারখানা গড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ানের চেয়ারম্যান কিহাক সুং মনে করেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জিএসপি বা শুল্ক ছাড় নীতিমালা (রুলস অব অরিজিন) শিথিল করায় ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের সার্বিক রপ্তানিতে বড় ধরনের অগ্রগতি হবে। প্রথম আলোকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগকারীদের অ্যাসোসিয়েশনের সভাপতি কিহাক সুং আরও বলেন, ‘আমি মনে করি জিএসপি রুলস অব অরিজিন সহজ হওয়ায় কয়েক বছরের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি তিন থেকে চার হাজার কোটি ডলারে উন্নীত হবে।’দক্ষিণ কোরিয়া-ভিত্তিক ইয়াংওয়ান করপোরেশন একটি বড় শিল্প গ্রুপ। এই গ্রুপের বার্ষিক বিক্রির পরিমাণ ১২০ কোটি ডলার। বাংলাদেশে ব্যবসারত সবচেয়ে বড় এই ব্যবসায়িক গোষ্ঠীর প্রতিষ্ঠানগুলোতে ৪৬ হাজার লোকবল রয়েছে, যার মধ্যে হাতে গোনা কয়েকজন মাত্র কোরিয়ান নাগরিক, বাকি সব স্থানীয়। এই ৪৬ হাজার লোকবলের মধ্যে ৪২ হাজারই শ্রমিক। ইয়াংওয়ানের শিল্পগুলোতে খেলার পোশাক, বিভিন্ন ধরনের পোশাক ও জুতা তৈরি হয়। বিশ্বের খ্যাতনামা সব ব্র্যান্ড নর্থ ফেস, নাইকি, এল এল বিনের কাজ করে ইয়াংওয়ান। কিহাক সুং বলেন, ইইউর সহজ নীতিমালার আওতায় বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিতে কয়েকটি বিষয়ে মনোযোগী হওয়া দরকার। এগুলো হলো দক্ষতা বৃদ্ধি করে উৎপাদনশীলতা বাড়ানো, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, পণ্য কিনতে ভালো ক্রেতা খুঁজে বের করা ও পণ্যের সম্ভার বাড়ানো। স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইইউয়ের দেওয়া অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা (জিএসপি) প্রাপ্তিতে নতুন নীতিমালা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণী ও শিল্পের সম্ভাবনা বর্ণনা করতে গিয়ে ইয়াংওয়ানের চেয়ারম্যান বলেন, ‘এখানকার উদ্যোক্তারা ভালো উদ্যোগী ও পরিশ্রমী, যা আমাদের কোরিয়ার উদ্যোক্তাদের মতো। আর উদ্যোক্তাদের বিশেষ যোগ্যতা হলো তাঁদের ইংরেজি ভাষা জ্ঞানে বিশেষ দক্ষতা।’ তিনি আরও বলেন, ‘বহুসংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী ক্রেতাদের সামনে নিজেদের সক্ষমতা তুলে ধরা ও বিশ্বব্যাপী তাদের ব্যবসায়িক অংশীদার খুঁজে বের করার ক্ষমতা আছে।’ কিন্তু তাঁর মতে, এখানকার ব্যবসায়ীদের পেশাদারি ব্যবস্থাপনায় ঘাটতি আছে, আছে প্রশিক্ষণের অভাব। একই সঙ্গে শ্রমিকস্বল্পতায় দক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও ঘাটতি আছে।কিহাক সুং মনে করেন, চীনের সংকট ও জিএসপি প্রাপ্তিতে শিথিল নীতিমালার সর্বোচ্চ সুযোগ নিতে বাংলাদেশের শিল্পগুলোকে তাঁদের পণ্যের গুণগত মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। পণ্যের সম্ভার বাড়াতে হবে। উদ্যোক্তাদের ক্রেতা নির্ধারণ এবং পণ্যের দাম পেতে বিশেষ করিৎকর্মা হতে হবে। আর এটা করা গেলে শ্রমিকের জন্য সুযোগ বৃদ্ধি করাও সহজ হবে।ইয়াংওয়ান বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে কী ধরনের পরিকল্পনা নিচ্ছে জানতে চাইলে কিহাক সুং বলেন, ‘আমরা আশা করি এ বছর আমাদের বাণিজ্য হবে ৫০ কোটি ডলারের।’ বর্তমানে ইয়াংওয়ান দেশের এককভাবে সর্ববৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয়ের তিন ভাগ সম্পন্ন করে থাকে।ইয়াংওয়ানের চেয়ারম্যান বলেন, ‘আমরা এখানে আমাদের পশ্চাদমুখী সংযোগ শিল্প বাড়ানোর পরিকল্পনা করেছি যেন আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমাদের প্রয়োজনীয় কাঁচামালের ৪০ ভাগ স্থানীয়ভাবে পেতে পারি।’ বর্তমানে ইয়াংওয়ান তাদের নিজস্ব ব্যবস্থা থেকে ১০ ভাগ কাঁচামাল দিয়ে তৈরি পণ্য রপ্তানি করে থাকে।উল্লেখ্য, ইয়াংওয়ান এশিয়ার মধ্যে সর্ববৃহৎ জুতা কারখানা চট্টগ্রামে স্থাপনের কাজ হাতে নিয়েছে। এ বছরই প্রতিষ্ঠানটি বার্ষিক তিন কোটি জোড়া জুতা উৎপাদন-ক্ষমতাসম্পন্ন কারখানার কাজ শুরু করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। গত ১১ ডিসেম্বর ইয়াংওয়ান গ্রুপের চট্টগ্রাম ও ঢাকা ইপিজেডে অবস্থিত কারখানাগুলো ব্যাপক হামলা ও ভাঙচুরের শিকার হয়। শ্রমিক অসন্তোষের নামে এসব হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটানো হয়। এক যোগে গ্রুপের ১১টি প্রতিষ্ঠানে এ রকম হামলা প্রসঙ্গে কিহাক সুং বলেন, ‘মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে এগুলো করা হয়েছে। প্রচার করা হয়, শ্রমিক মেরে লাশ গুম করা হয়েছে।’তবে নতুন ন্যূনতম মজুরি বাস্তবায়নের নামে যে হামলা ইয়াংওয়ানে চালানো হয় ১১ ডিসেম্বর, তার পাঁচ দিন আগে এ গ্রুপের সব প্রতিষ্ঠানে ইপিজেড মজুরিকাঠামো বাস্তবায়ন করে মজুরি পরিশোধ করা হয়।এমন পরিস্থিতিতে ইয়াংওয়ান তাদের সব কারখানা বন্ধ ঘোষণা করে, যা বিশ্বব্যাপী সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সরকারের আশ্বাস ও নিরাপত্তা নিশ্চিত করার পরিপ্রেক্ষিতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে কারখানাগুলো আবার চালু করা হয়।কিহাক সুং বলেন, ‘ইয়াংওয়ানের শ্রমিকেরা এই কাজ করেনি। বাইরে থেকে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এসব হামলা চালিয়েছে।’ তিনি এই হামলার জন্য বেপজা কর্তৃপক্ষ বিশেষত, সাবেক চেয়ারম্যান দায়ী বলে মনে করেন। কেননা, এই সময় যেসব গুজব ছড়ানো হয়েছে, সেগুলো সম্পর্কে শ্রমিকসহ সবাইকে সঠিকভাবে তথ্য দিতে ব্যর্থ হয়েছে বেপজা।কারা এই হামলা চালিয়েছে এমন প্রশ্নে কিহাক সুং বলেন, দেশের পুলিশ ও সরকারের দায়িত্ব তাদের খুঁজে বের করা। তিনি বলেন, যে তিনজন ডিসেম্বর মাসের সে সময়ে মারা গেছেন, তাঁরা কেউ ইয়াংওয়ান বা ইপিজেড এলাকায় মারা যাননি। এমনকি তাঁরা কেউ ইয়াংওয়ানের চাকরিও করেন না।কিন্তু বাংলাদেশের পোশাক-মালিকেরা বিভিন্ন সময় বলেন, এসব বিশৃঙ্খলার পেছনে বিদেশি বিশেষত, প্রতিযোগী দেশগুলোর ইন্ধন আছে। এ প্রসঙ্গে কিহাক সুং বলেন, ‘আমি তেমনটি ভাবি না। বরং নিজেদের সমস্যাগুলো আগে চিহ্নিত করা উচিত।’গত বছর দ্রব্যমূল্য বিশেষত নিত্যপণ্যের দাম বাড়ায় শ্রমিকের জীবনযাপন ব্যয় কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ইয়াংওয়ান শ্রমিকদের বিশেষ আর্থিক সুবিধা দেবে কি না জানতে চাইলে কিহাক সুং বলেন, ‘মূল্যস্ফীতি সত্যিকার অর্থে শ্রমিকের জন্য কষ্টসাধ্য। কিন্তু আমার অভিজ্ঞতা হলো, যদি একটি কারখানা শ্রমিকের খাদ্যমান ধরে রাখতে আলাদা করে কোনো আর্থিক সুবিধা দেয়, তাহলে গোটা খাতের মজুরিকাঠামো ভেঙে পড়ে।’