ইয়ামাহা ব্র্যান্ডের সাতটি মোটরসাইকেল আনল এসিআই
এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মোটরস দেশের বাজারে ইয়ামাহা ব্র্যান্ডের সাতটি মডেলের মোটরসাইকেল নিয়ে এসেছে। মডেলগুলোর মধ্যে রয়েছে ১৫০ সিসি ইঞ্জিনের এফজেডএস, ফেজার, এসজেডআরআর মডেলের ভার্সন ২.০ এবং ১২৫ সিসি ইঞ্জিনের স্যালুটো (ড্রাম ব্রেক) ও স্যালুটো (ডিস্ক ব্রেক)।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে এসব মোটরসাইকেলের বিপণন কার্যক্রম উদ্বোধন করা হয়। এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জাপান থেকে আসা ইয়ামাহা কোম্পানির গ্রুপ লিডার দাইজি মাতসুওকা এবং ইন্ডিয়া ইয়ামাহা মোটরের হেড অব ওভারসিজ সেলস হিদেতো কাওয়ামুরা।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের প্রায় ২০০ দেশে ১৬ ধরনের ইয়ামাহা মোটরসাইকেল বাজারজাত হয়। এ দেশে ইয়ামাহার ফুয়েল ইনজেকশন টেকনোলজিসহ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মোটরসাইকেলগুলো বাজারজাত করছে এসিআই।
এসিআই গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘ইয়ামাহাপ্রেমীদের জন্য সাতটি বিশেষ মডেলের মোটরসাইকেল আনতে পেরে আমি সত্যিই খুব গর্বিত। এসিআই সব সময় পণ্যের মান ও গ্রাহক সন্তুষ্টিতে জোর দেয়।’
বিআরটিএর চেয়ারম্যান বলেন, আমরা বিশ্বাস করি, নিরাপত্তাব্যবস্থা মোটরসাইকেলের সেরা বৈশিষ্ট্যের মধ্যে একটি। গ্রাহকদের সেই ব্র্যান্ডটি কেনা উচিত, যেটি গ্রাহকদের নিরাপত্তার মূল্য বোঝে। বিজ্ঞপ্তি।