ইয়ামাহা রাইডার্স ক্লাবের 'কক্সবাজার রাইডিং ফিয়েস্তা'
তাহমিদ সাকিব ও রাফাত সাদিক—তরুণ দুই বাইকার ৪৮ ঘণ্টা বাইক চালিয়ে পাড়ি দেন প্রায় ৪০০ মাইল পথ। এ পথ পাড়ি দিয়ে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় থেকে তাঁরা এসেছেন সর্বদক্ষিণের জেলা কক্সবাজারে। উদ্দেশ্য, কক্সবাজার রাইডিং ফিয়েস্তাতে অংশ নেওয়া।
সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘কক্সবাজার রাইডিং ফিয়েস্তা’। এর আয়োজনে ছিল ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। দেশের সব জেলা থেকে ৮০০ জনের বেশি বাইকার যোগ দেন দুই দিনের এই মিলনমেলায়।
তাহমিদ ও রাফাতের মতোই সেখানে এসেছিলেন আরেক রাইডার ওয়াহিদ রেজা। পেশায় তিনি একজন উন্নয়নকর্মী হলেও বাইকার হিসেবেই জনপ্রিয়। বাইক নিয়ে তিনি ভ্রমণ করেছেন বাংলাদেশের ৬৪ জেলা ও ৪৯২ উপজেলার সব কটি। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রামের নারী বাইকার নওরিন। নওরিন বললেন, ‘হাইওয়েতে বাইক চালানো খুব সহজ ছিল না আমার জন্য, তবে গ্রুপের সবার সহযোগিতায় দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছি।’
চট্টগ্রামে যেখানে এখনো স্কুটি চালানো নারীদের সংখ্যা হাতে গোনা, সেখানে নওরিন এসেছেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ মডেলের বিশাল এক বাইক চালিয়ে। নওরিন বলেন, ‘শুরুতে সবাই তাকিয়ে থাকত, অস্বস্তি হতো। এখন সয়ে গেছে। আমি চাই নারীরা শুধু স্কুটি না চালিয়ে স্টাইলিস্ট বাইকও চালাক।’
নওরিনের মতো গল্প নিয়ে এসেছেন আরও অনেকেই। কারও কারও তো জীবন জড়িয়ে গেছে মোটরবাইকের চাকায়। এমনই একজন এষা, বাইক চালিয়ে ঢাকা থেকে এসেছেন জীবনসঙ্গী রোহানকে নিয়ে। হাসতে হাসতে বললেন, প্রেমটা বিয়ে পর্যন্ত গড়াতই না, যদি না জীবনে বাইক থাকত। ঢাকার জ্যাম ঠেলে প্রেমটা বাঁচিয়ে রেখেছিল এ বাহন।
এ রকম ছোট ছোট গল্প নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগরতীরে জড়ো হয়েছেন তরুণ থেকে মধ্যবয়সী বাইকাররা। দূরদূরান্ত থেকে বাইক চালিয়ে এসেও ক্লান্তি ছিল না তাঁদের; বরং দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজ শক্তিকে নতুনভাবে আবিষ্কার করে দারুণ সতেজও ছিলেন তাঁরা।
ফিয়েস্তার প্রথম দিন সকালে সুগন্ধা সৈকতে বাইকারদের জন্য বসেছিল নানান খেলার অনুষঙ্গ। জেলায় জেলায় ভাগ হয়ে বাইকাররা খেলেছেন ফুটবল, ভলিবল প্রভৃতি। পরিচিত হয়েছেন অন্যান্য জেলার বাইকারদের সঙ্গে।

হাসি আড্ডায় ভাসা হেমন্তের শেষ বিকেলে হয়ে যায় রাইডিং ফিয়েস্তার আনুষ্ঠানিক সূচনা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ও এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এ ছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান ও ইয়ামাহার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রথম দিনের সন্ধ্যা নামতেই বালুকাবেলাতে বসেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। হয় নিজেদের মধ্যে ভাব বিনিময়ও। পরিচিত বাইকাররা উঠে আসেন স্টেজে। শোনান তাঁদের অভিজ্ঞতার কথা।
৪৯২টি উপজেলায় ঘোরা রাইডার ওয়াহিদ রেজা বলেন, ‘বাইকিং কমিউনিটিতে আমরা যারা আছি, তারা শুধু বাইকারদের বাইক চালাতে উৎসাহিত করি না; বরং নিশ্চিত করার চেষ্টা করি বাইকাররা যেন নিয়ম মেনে নিরাপত্তা নিশ্চিত করে বাইকিং করেন। পাশাপাশি আইন মেনে চলার বিষয়েও সচেতন করি।’
দ্বিতীয় দিনটি ছিল শুধুই ঘুরে বেড়ানোর। বাইকাররা নিজ নিজ বাইক নিয়ে বেরিয়ে পড়েন কক্সবাজার জেলার আনাচেকানাচে-কানাচে। রাতে নেচে-গেয়ে আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় এই রাইডিং ফিয়েস্তা।
এই বিশাল যজ্ঞের আয়োজক এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস পুরোটা সময়ই ছিলেন রাইডারদের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের তরুণেরা নিজেদের মধ্যে সংযুক্ত হয়ে ইতিবাচক পরিবর্তনে কাজ করতে পারেন। আমাদের প্রচেষ্টা তাঁদের একত্র করা। আমরা ফ্লোরিডার ডেটোনা বাইক উইক বা গোয়া বাইক উইকের মতো বাংলাদেশেও বাইকারদের নিয়মিত জমায়েতের আয়োজন করতে চাই। যেন তাঁরা নিজেদের মধ্যে সংযোগ অনুভব করেন এবং সবাই মিলে সামনে এগিয়ে যান।’