ইয়েনের বিপরীতে ডলার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারের লেনদেনে গত সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা আগের সপ্তাহের ধারাবাহিকতায় আরেকটু শক্তিশালী হয়ে উঠেছে। এ নিয়ে গত দুই সপ্তাহে প্রতি মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার দর প্রায় ৪০ পয়সা বেড়েছে। আন্তব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহের (৯ থেকে ১৪ অক্টোবর) শুরুতে প্রতি মার্কিন ডলার ৭০ টাকা ৩৮ পয়সায় লেনদেন হয়। সপ্তাহের শেষ লেনদেন দিবস বৃহস্পতিবারে ৭০ টাকা ১৫ পয়সায় কেনাবেচা হয়। আন্তর্জাতিক বাজারে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে সপ্তাহজুড়েই মার্কিন ডলারের দরপতন ঘটেছে। এর মধ্যে সোমবারে জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এদিন প্রতি ডলার ৮১ দশমিক ৩৭ ইয়েনে লেনদেন হয়।সপ্তাহের শুরুতে ট্রেডাররা মুনাফা ওঠাতে শুরু করায় মার্কিন ডলারের বিপরীতে ইউরোপের একক মুদ্রা ইউরো কিছুটা শক্তি হারায়। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য অ্যাক্সেল ওয়েবার ইউরো অঞ্চলে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিলে ইউরোর দর বাড়ার সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত তা হয়নি। সপ্তাহের মাঝামাঝিতে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক এক বৈঠকে সেই দেশের অর্থনীতিকে চাঙা করতে আরও ‘কোয়ান্টিটিভ ইজিং’ বা ‘পরিমাণগত সহজীকরণ’-এর পরামর্শ দেওয়ার তথ্য প্রকাশ হয়ে পড়ায় মুদ্রাবাজারে ডলারের দরপতন ত্বরান্বিত হয়। সেই সঙ্গে ডলারে মান নির্ণীত হয় এমন সম্পদের অন্তর্নিহিত মুনাফাও কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। সে কারণে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে ডলার ছেড়ে দিতে থাকেন। যুক্তরাষ্ট্রের চাঙা শেয়ারবাজারও ইউরোর উত্থানে প্রভাব ফেলেছে বলে বাজার বিশেষজ্ঞরা জানান। তবে পরপর তিন দিন ইউরোর বিনিময় হার ১ দশমিক ৪০ ডলার পর্যন্ত ওঠে। এই দামে অবশ্য ইউরোপের কোম্পানিগুলো তাদের মুনাফা প্রত্যাবাসনের জন্য ইউরো বিক্রি করে দিতে শুরু করে। এতে ইউরোর শক্তি কমে আসে। অস্ট্রেলিয়ান ডলার ১৯৮৩ সালের ডিসেম্বরে সম্পূর্ণ ভাসমান হওয়ার পর এই প্রথমবারের মতো শূন্য দশমিক ৯৯২৯ ডলারে উঠে যায়। অবশ্য বৃহস্পতিবার প্রতি অস্ট্রেলিয়ান ডলার শূন্য দশমিক ৯৯৯৪ ডলারে উন্নীত হয়। একই দিনে প্রতি ইউরো ১ দশমিক ৪১২১ ডলারে কেনাবেচা হয়। যাহোক, সপ্তাহের শেষ লেনদেনে প্রতি ইউরো ১ দশমিক ৪১২০ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬০৫০ ডলারে এবং প্রতি ডলার ৮১ দশমিক ৫০ ইয়েনের কাছাকাছি কেনাবেচা হয়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।