ইয়েনের বিপরীতে মান বেড়েছে ডলারের
জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে বেড়েছে ডলারের মান। আজ সোমবার ইয়েনের বিপরীতে ডলারের মান গেল তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে আসে। ইয়েনের বিপরীতে ডলারের মান বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আজ প্রতি এক ডলারে ১০২ দশমিক ৩৯ ইয়েন লেনদেন হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানো হবে বলে জল্পনা চলছিল। গত শুক্রবার ফেডারেল রিজার্ভ প্রধান জ্যানেট ইয়েলেনও একই কথা বলেন। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানো হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের শক্তিশালী অবস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি বিশ্লেষণ করে সামনের মাসেই সুদের হার বাড়ানোর উপযুক্ত সময় বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াইওমিংয়ের জ্যাকসন হলে ফেডের বার্ষিক সভায় দেওয়া বক্তব্যে এ কথা জানান জ্যানেট ইয়েলেন।
এ সংবাদের ইতিবাচকে প্রভাব পড়েছে জাপানের পুঁজিবাজারে। আজ লেনদেনের শুরুতে সূচক কিছুটা কমলেও দিন শেষে ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায় নিক্কেই সূচক, যা গেল তিন সপ্তাহের মধ্যে নিক্কেইয়ের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। বিশ্লেষকেরা বলেন, ইয়েনের অবমূল্যায়নের কারণে লাভবান হবে দেশটির বড় বড় রপ্তানিকারকেরা। আর তাই আজ লেনদেন শেষে সূচক বেড়েছে জাপানের পুঁজিবাজারে।
তবে এশিয়ার অন্যান্য পুঁজিবাজারের মধ্যে সূচক কমেছে হংকং ও দক্ষিণ কোরিয়ায়। হংকংয়ের হ্যাংসেং সূচক কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ।